আন্তর্জাতিক জার্নালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বড় সাফল্য, গরুবা বেতের প্রাকৃতিক তন্তু নিয়ে বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ গবেষণা!

নিজস্ব সংবাদদাতা : আন্তর্জাতিক গবেষণার ক্ষেত্রে আরও এক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা ও বনবিদ্যা বিভাগ। বিভাগের Plant Taxonomy, Plant Systematics and Molecular Taxonomy Laboratory-এর বিজ্ঞানী অধ্যাপক ড. অমল কুমার মণ্ডল এবং গবেষক রনি সাহার সঙ্গে Botanical Survey of India-এর বিজ্ঞানী ড. দেবেন্দ্র সিং ও রাহুল দেব বর্মণের যৌথ গবেষণায় গরুবা বেত (Calamus guruba Buch.-Ham. ex Mart.)-এর প্রাকৃতিক তন্তুর বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক বিশ্লেষণ সম্পন্ন হয়েছে।

গবেষণাটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকাশনা সংস্থা Springer Nature-এর গবেষণা জার্নাল Materials Circular Economy (২০২৬)-এ প্রকাশিত হয়েছে। ফলে গবেষণাটির আন্তর্জাতিক স্বীকৃতি ও বৈজ্ঞানিক গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে।গবেষণায় প্রথমবারের মতো গরুবা বেতের তন্তুর যান্ত্রিক, রাসায়নিক, তাপীয়, অণুগঠনগত এবং স্ফটিকীয় বৈশিষ্ট্য বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়েছে। গবেষকদের দাবি, এই প্রজাতির তন্তুর উপর এর আগে কোনও পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক Characterization প্রকাশিত হয়নি। ফলে এই গবেষণাই গরুবা বেতের তন্তু নিয়ে প্রথম সম্পূর্ণ বৈজ্ঞানিক বিশ্লেষণ।

গবেষণায় দেখা গিয়েছে, গরুবা বেতের তন্তুতে উল্লেখযোগ্য পরিমাণে সেলুলোজ রয়েছে। পাশাপাশি এর রয়েছে উচ্চ Tensile Strength এবং প্রায় ২১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত Thermal Stability। এই বৈশিষ্ট্যগুলির কারণে ভবিষ্যতে বায়ো-কম্পোজিট, পরিবেশবান্ধব প্রকৌশল উপকরণ, অটোমোবাইল শিল্প, নির্মাণসামগ্রী এবং বিভিন্ন টেকসই শিল্পক্ষেত্রে কৃত্রিম তন্তুর সম্ভাব্য বিকল্প হিসেবে এই প্রাকৃতিক তন্তু ব্যবহারের সুযোগ রয়েছে।গবেষণার জন্য গরুবা বেতের নমুনা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা থেকে সংগ্রহ করা হয়।

এরপর FTIR, SEM, XRD, TGA এবং Tensile Testing-এর মতো আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তির সাহায্যে তন্তুর বিভিন্ন গুণগত বৈশিষ্ট্য নির্ণয় করা হয়।অধ্যাপক ড. অমল কুমার মণ্ডল জানান, প্রাকৃতিক ও নবায়নযোগ্য তন্তুর ব্যবহার বাড়ানো বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ গবেষণাক্ষেত্র। গরুবা বেতের তন্তুর এই বৈজ্ঞানিক বিশ্লেষণ ভবিষ্যতে পরিবেশবান্ধব শিল্পোৎপাদন এবং Circular Economy-ভিত্তিক প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।