ক্যান্সার আক্রান্ত সন্দীপের পাশে মেদিনীপুর ছাত্রসমাজ, পরিবারের হাতে তুলে দেওয়া হল ২ লক্ষ ৩৬ হাজার ৮৯৮ টাকা!
নিজস্ব সংবাদদাতা : মানবিকতার নজির গড়ে ফের অসহায় মানুষের পাশে দাঁড়াল মেদিনীপুর ছাত্রসমাজ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত সন্দীপের চিকিৎসার জন্য পথে নেমে এবং অনলাইন মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করা মোট ২ লক্ষ ৩৬ হাজার ৮৯৮ টাকা তাঁর পরিবারের হাতে তুলে দিল সংগঠনটি।রবিবার মেদিনীপুর শহরের রেনেসাঁস ক্লাব প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সন্দীপের পরিবারের হাতে এই অর্থ তুলে দেওয়া হয়।
চিকিৎসার খরচ জোগাতে যখন পরিবারটি আর্থিক সমস্যার মুখে পড়েছিল, তখনই সাহায্যের হাত বাড়িয়ে দেয় মেদিনীপুর ছাত্রসমাজ।এই মানবিক উদ্যোগের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বর্ষীয়ান অধ্যাপক, বিশিষ্ট লেখক ও সাংবাদিক কুমারেশ ঘোষ, প্রাক্তন প্রধান শিক্ষিকা নুপুর ঘোষ, বিশিষ্ট উদ্যোগপতি মদনমোহন মাইতি, ডিসিসিআই সম্পাদক চন্দন বসু, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক রঘুনন্দন গিরি, বিশিষ্ট সমাজসেবী ঝর্ণা আচার্য-সহ সন্দীপের কাকা, মেসো এবং তাঁর বন্ধুরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের সহযোগিতা ও ভালোবাসার জোরেই এই অর্থ সংগ্রহ করা সম্ভব হয়েছে। অনলাইনের পাশাপাশি রাস্তায় নেমে মানুষের কাছে আবেদন জানিয়ে সন্দীপের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করা হয়।অনুষ্ঠানে সংগঠনের সভাপতি কৃষ্ণগোপাল চক্রবর্তী মেদিনীপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “মেদিনীপুরবাসীকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আপনাদের শ্রদ্ধা, ভালোবাসা ও প্রণাম। জয় হোক মানবতার।”এই উদ্যোগ ফের প্রমাণ করল, বিপদের সময় মানুষের পাশে দাঁড়াতে এখনও সমাজের বিভিন্ন স্তরের মানুষ একসঙ্গে এগিয়ে আসেন। সন্দীপের চিকিৎসার লড়াইয়ে সংগৃহীত এই অর্থ তাঁর পরিবারের জন্য কতটা সহায়ক হয়, এখন সেদিকেই তাকিয়ে সকলে।