দেশের প্রথম বেসরকারি কক্ষপথগামী রকেট উৎক্ষেপণ, ইতিহাস লিখল ‘বিক্রম-১’!

নিজস্ব সংবাদদাতা : ভারতের মহাকাশ অভিযানে যুক্ত হল নতুন এক ঐতিহাসিক অধ্যায়। দেশের প্রথম বেসরকারি উদ্যোগে নির্মিত কক্ষপথগামী রকেট ‘বিক্রম-১’ সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে। এই উৎক্ষেপণের মাধ্যমে ভারতের বেসরকারি মহাকাশ শিল্পের বিকাশে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপিত হল।‘বিক্রম-১’ তৈরি করেছে হায়দরাবাদ-ভিত্তিক বেসরকারি মহাকাশ সংস্থা স্কাইরুট অ্যারোস্পেস। ভারতের মহাকাশ গবেষণার জনক ড. বিক্রম সারাভাই-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েই এই রকেটের নামকরণ করা হয়েছে ‘বিক্রম-১’।রকেটটির সফল উৎক্ষেপণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্কাইরুট অ্যারোস্পেসের প্রতিনিধিদের ফোন করে অভিনন্দন জানান। তিনি এই মিশনকে ভারতের মহাকাশ অভিযানের এক যুগান্তকারী পদক্ষেপ বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর কথায়, চার-পর্যায়ের এই রকেট দেশের তরুণ বিজ্ঞানী, প্রকৌশলী এবং উদ্ভাবকদের মেধা, দক্ষতা ও আত্মবিশ্বাসের প্রতীক। পাশাপাশি তিনি বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় ভবিষ্যতে ভারতের মহাকাশ প্রযুক্তিকে আরও নতুন উচ্চতায় পৌঁছে দেবে।