দাঁতনে ‘অনুপস্থিতি’ ঘিরে জল্পনার অবসান, মমতার ডাকে মঞ্চে ফিরলেন বিক্রম প্রধান!

সেখ ওয়ারেশ আলী : দাঁতন বিধানসভা কেন্দ্রে এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় জায়গা পাননি বিদায়ী বিধায়ক বিক্রম প্রধান। এরপর থেকেই দলের একাধিক কর্মসূচিতে তাঁর অনুপস্থিতি রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ও জল্পনার জন্ম দেয়। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাঁতনের সভাতেও তাঁকে দেখা যায়নি।পরিস্থিতি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে যখন নারায়ণগড়ে তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র জনসভাতেও অনুপস্থিত থাকেন বিক্রম প্রধান। মঞ্চে তাঁকে না দেখে স্বয়ং মুখ্যমন্ত্রী আক্ষেপ প্রকাশ করেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, বিক্রম প্রধান দলের দীর্ঘদিনের লড়াকু কর্মী ও সহযোদ্ধা—তাঁকে যথাযোগ্য সম্মান দেওয়া উচিত।এরপরই ছবিটা দ্রুত বদলে যায়। আজ গড়বেতা হাই স্কুল ময়দানে তৃণমূল প্রার্থী উত্তরা সিংহ হাজরার সমর্থনে আয়োজিত জনসভায় হঠাৎই মঞ্চে দেখা যায় বিক্রম প্রধানকে। দলীয় সূত্রে খবর, স্বয়ং মুখ্যমন্ত্রী তাঁকে ডেকে পাঠিয়েছেন।সভামঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশ দেন। এই প্রসঙ্গে বিক্রম প্রধান স্পষ্ট জানিয়েছেন,“এর আগে আমাকে দু’বার ডাকা হয়নি, তাই আমি উপস্থিত হইনি। তবে এবার আমাকে ডেকেছেন, তাই আমি এসেছি।”এখন বড় প্রশ্ন—দলীয় রাজনীতির এই নতুন সমীকরণে বিক্রম প্রধান কি আবার সক্রিয়ভাবে নির্বাচনী লড়াইয়ে নামবেন? তার উত্তর খুঁজতে নজর থাকবে রাজনৈতিক মহলের পাশাপাশি মাঠের বাস্তব চিত্রের দিকেও।