গুরুতর অসুস্থ Vinod Kambli, স্মৃতিশক্তি ক্ষীণ! মস্তিষ্কে রক্ত জমাটে স্ট্রোকের ভয়

নিজস্ব সংবাদদাতা: ভারতীয় ক্রিকেটের একসময়কার বিস্ফোরক ব্যাটার Vinod Kambli এখন লড়ছেন জীবনের সবচেয়ে কঠিন ইনিংস। প্রাক্তন এই ক্রিকেটারের মস্তিষ্কে রক্ত জমাট (ব্রেন ক্লট) ধরা পড়েছে, যার জেরে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে তাঁর স্মৃতিশক্তি। চিকিৎসকদের আশঙ্কা, ভবিষ্যতে তাঁর ব্রেন স্ট্রোক হওয়ার ঝুঁকিও তৈরি হয়েছে।ঘনিষ্ঠ বন্ধু মার্কাস কুটোর কথায়, গত ছ’মাসে কাম্বলির শারীরিক অবস্থার আর অবনতি হয়নি ঠিকই, তবে স্মৃতিশক্তি এখনও স্বাভাবিক নয়। কখনও কখনও কিছু ঘটনা মনে পড়লেও বেশিরভাগ সময়ই স্মৃতিভ্রংশের সমস্যায় ভুগছেন তিনি। সবচেয়ে উদ্বেগের বিষয়, মস্তিষ্কে যে ক্লট তৈরি হয়েছে, তা প্রাথমিক পর্যায়ে প্রয়োজনীয় সতর্কতা না নেওয়ায় এখন আর অপসারণ করা সম্ভব নয়।২০২৪ সালের ডিসেম্বরে শারীরিক অসুস্থতার কারণে তাঁকে থানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় প্রস্রাবের সংক্রমণ ও ক্র্যাম্পের সমস্যায় ভুগছিলেন তিনি। হাসপাতালে তাঁর দুর্বল শারীরিক অবস্থার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই উদ্বেগ ছড়িয়ে পড়ে ক্রিকেটমহলে। এরপর একাধিক প্রাক্তন ক্রিকেটার তাঁর পাশে দাঁড়ান এবং আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন।মার্কাস কুটো জানিয়েছেন, কাম্বলির বন্ধুদের নিয়ে—যাদের অধিকাংশই প্রাক্তন ক্রিকেটার—একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। সেখান থেকেই নিয়মিত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। শৈশবের বন্ধু Sachin Tendulkar-ও নীরবে তাঁর পাশে রয়েছেন বলে জানা গিয়েছে। ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের কয়েকজন সদস্যও তাঁর চিকিৎসা ও রিহ্যাব পরিকল্পনায় সাহায্য করেছেন।চিকিৎসকদের পর্যবেক্ষণে আপাতত স্থিতিশীল থাকলেও বিপদ পুরোপুরি কাটেনি। নিউরোসার্জনদের মতে, এই ক্লট ভবিষ্যতে স্ট্রোকের কারণ হতে পারে। তাই কাম্বলির প্রতিটি দিন এখন কার্যত লড়াইয়ের। তাঁর পাশে রয়েছেন সতীর্থ, বন্ধু এবং অসংখ্য অনুরাগী, যারা চান ভারতীয় ক্রিকেটের এই হারিয়ে যাওয়া নক্ষত্র আবার সুস্থ জীবনে ফিরুন।দেশের হয়ে ১০৪টি একদিনের ম্যাচ ও ১৭টি টেস্ট খেলা কাম্বলি কেরিয়ারের শুরুতেই একের পর এক রেকর্ড গড়েছিলেন। পরপর দু’টি দ্বিশতরানের নজিরও রয়েছে তাঁর ঝুলিতে। কিন্তু মাঠের সেই আগ্রাসী ব্যাটারের আজকের এই অসুস্থতার লড়াই ক্রিকেটপ্রেমীদের আবেগতাড়িত করে তুলেছে।