পার্টি অফিসে মিলল ভোটার কার্ড-জব কার্ড! পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা গুইয়াদহে তীব্র চাঞ্চল্য, তদন্তে পুলিশ!

অভিজিৎ সাহা: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের শালবনীর গড়বেতা-৩ ব্লকের করসা গ্রাম পঞ্চায়েত এলাকার গুইয়াদহের ছোটতারা ১৪৪ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ঘিরে শনিবার চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিজেপির হাতে পার্টি অফিসের চাবি তুলে দেওয়ার পর ঘর খুলতেই ভিতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ ভোটার কার্ড, জব কার্ড এবং শাল কাঠের রোল ডাং। ঘটনাস্থলের ভিডিও ইতিমধ্যেই এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ওই পার্টি অফিসের দখল নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে চাপানউতোর চলছিল। বিজেপির অভিযোগ, অতীতে তাদের বুথ সভাপতি ও কর্মীদের কাছ থেকে জোর করে টাকা, ইট, বালি, সিমেন্ট-সহ নির্মাণ সামগ্রী আদায় করে এই পার্টি অফিস তৈরি করা হয়েছিল। সেই কারণেই নির্বাচনে জয়ের পর তারা অফিসটি ফেরত দাবি করে।শালবনী ১ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি সুশান্ত কারক দাবি করেন, শনিবার তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের চাবি বিজেপির হাতে তুলে দেয়।

এরপর ঘর খুলতেই ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা একাধিক ভোটার কার্ড, জব কার্ড এবং অন্যান্য নথিপত্র চোখে পড়ে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া সমস্ত নথিপত্র নিজেদের হেফাজতে নেয়। বিজেপি কর্মীদের অভিযোগ, এলাকায় রাজনৈতিক সন্ত্রাস কায়েম রাখতেই এই ধরনের লাঠি মজুত রাখা হয়েছিল। স্থানীয়দের একাংশের দাবি, অতীতে বিরোধী সমর্থকদের মারধরের ক্ষেত্রেও এই লাঠি ব্যবহার করা হতো।ঘটনার ভিডিও ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ ও সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। উদ্ধার হওয়া নথিপত্র কীভাবে পার্টি অফিসে এল, তা খতিয়ে দেখছে পুলিশ।যদিও এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।