‘জাগো গ্রাহক জাগো’ বার্তা, মেদিনীপুরে ক্রেতা সুরক্ষা সপ্তাহের সমারোপ!

নিজস্ব সংবাদদাতা : রাজ্যজুড়ে ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সাড়ম্বরে পালিত হল পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের ‘ক্রেতা সুরক্ষা সপ্তাহ’। সপ্তাহব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির পর ৬ সেপ্টেম্বর মেদিনীপুরের জেলা পরিষদ হলে জেলা প্রশাসন ও সাধারণ নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল সমারোপ অনুষ্ঠান।‘জাগো গ্রাহক জাগো, পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তর আপনার সঙ্গে আছে’—এই বার্তাকে সামনে রেখেই আয়োজিত হয় কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী দিলীপ ঘোষ, পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণ, বিধায়ক ড. শঙ্কর কুমার গুছাইত, রাজা নরেন্দ্র লাল খান মহিলা কলেজের অধ্যক্ষ ড. স্বপ্না ঘোরাই-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা জানান, আধুনিক জীবনের ব্যস্ততার সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীদের একাংশ বিভিন্ন ক্ষেত্রে সাধারণ ক্রেতাদের প্রতারণার ফাঁদে ফেলছে। ফ্ল্যাট, সোনার গয়না থেকে শুরু করে দৈনন্দিন খাদ্যসামগ্রী—বিভিন্ন পণ্য কেনাবেচায় ক্রেতাদের সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।বিশেষজ্ঞদের মতে, কোনও পণ্য কেনার আগে তার মেয়াদ উত্তীর্ণের তারিখ (Expiry Date), লেবেল, উপাদানের তালিকা (Ingredients) এবং ক্যাশমেমো ভালোভাবে যাচাই করা জরুরি। একইসঙ্গে পণ্যের গুণমান, দাম ও প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়।

কোনও ক্রেতা প্রতারণার শিকার হলে নীরব না থেকে অভিযোগ জানানোর আবেদন জানানো হয় অনুষ্ঠানে। পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের সরকারি ওয়েবসাইটে গিয়ে অভিযোগ নথিভুক্ত করার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য ও নথি জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।সপ্তাহব্যাপী এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ক্রেতা হিসেবে নিজেদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রতারণার বিরুদ্ধে সরব হওয়ার বার্তাও দেওয়া হয়। আয়োজকদের বক্তব্য, সচেতন ক্রেতাই প্রতারণা রুখতে সবচেয়ে বড় হাতিয়ার।