যুদ্ধ থামার নাম নেই, কুয়েতে ইরানের হামলায় নিহত আরও এক ভারতীয়
নিজস্ব সংবাদদাতা : মধ্যপ্রাচ্যে ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। ইরান ও আমেরিকার মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা চলার মাঝেই কুয়েত ও বাহরিনে মার্কিন সেনাঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে এক ভারতীয় নাগরিকের। বিষয়টি নিশ্চিত করেছে কুয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস।কুয়েতের স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, হামলায় অন্তত ৬৩ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের পর দ্রুত উদ্ধারকাজ শুরু হয় এবং ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুল্যান্স মোতায়েন করা হয়।ভারতীয় দূতাবাস নিহতের পরিবারকে সমবেদনা জানিয়ে জানিয়েছে, কুয়েত প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে। হামলার জেরে কুয়েতে বিমান চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।ইরানের সরকারি সংবাদমাধ্যমের দাবি, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী এলাকায় মার্কিন সামরিক পদক্ষেপের জবাব দিতেই এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে, বাহরিন প্রশাসনও দেশজুড়ে সতর্কতা জারি করেছে। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা আরও বেড়ে গেল।