দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা, কলকাতাসহ একাধিক জেলায় জারি হল হাওয়া অফিসের সতর্কবার্তা
নিজস্ব সংবাদদাতা: কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে কোথাও কোথাও অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, পশ্চিমবঙ্গ সংলগ্ন দুটি সক্রিয় ঘূর্ণাবর্ত এবং বর্ষাকালীন অক্ষরেখার অনুকূল অবস্থানের জেরেই এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার হয়ে বর্ষাকালীন অক্ষরেখা বর্তমানে অসমের দক্ষিণ প্রান্ত পর্যন্ত বিস্তৃত। একই সঙ্গে উত্তর-পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩.১ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। অন্যদিকে, বাংলাদেশের উপর ৫.৮ কিলোমিটার উচ্চতায় আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই দুই আবহাওয়া ব্যবস্থার প্রভাবে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে, যার ফলে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির দাপট বাড়বে। কলকাতায় সোমবার ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে, তবে বুধবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস। সোমবার হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম ও নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের অন্যান্য জেলাতেও মঙ্গলবার পর্যন্ত কমবেশি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সপ্তাহের শেষভাগেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার হাওড়ায়, বৃহস্পতিবার ও শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়াতেও সপ্তাহান্তে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। সোমবার ও মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও সোমবার ভারী বর্ষণ হতে পারে। এছাড়া শুক্রবারের পর আবার দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে, সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি কম।