মেয়ের ন্যায়ের লড়াই থেকে ভোটের ময়দানে! পানিহাটিতে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ— “জিতব, বিচার হবেই!
নিজস্ব সংবাদদাতা : মেয়ের জন্য সুবিচারের দাবিতেই রাজনীতির ময়দানে পা রেখেছেন Ratna Debnath। পানিহাটি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে লড়ছেন তিনি। শুরু থেকেই এলাকার মানুষের সমর্থন পাচ্ছেন বলে দাবি তাঁর। বুধবার সকালে ভোট দেওয়ার পরও আত্মবিশ্বাসী সুরে তিনি বলেন, “আমরাই জিতছি, এবার বিচার হবেই।”প্রসঙ্গত, প্রায় দেড় বছর আগে R. G. Kar Medical College and Hospital-এ এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়ে ওঠে গোটা বাংলা। রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছিলেন সাধারণ মানুষ, সুবিচারের দাবিতে সরব হয়েছিল দেশ-বিদেশও। পরে আদালত অভিযুক্ত Sanjay Roy-কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। তবে সেই রায়ে সন্তুষ্ট নয় নির্যাতিতার পরিবার।ন্যায়ের খোঁজে তাঁরা প্রধানমন্ত্রীর দ্বারস্থ হওয়ার চেষ্টাও করেন, যদিও সরাসরি সাক্ষাৎ হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক আবহ তৈরি হয়। শেষ পর্যন্ত মেয়ের মৃত্যুর বিচার পেতে ভোটের ময়দানে নামার সিদ্ধান্ত নেন রত্না দেবনাথ। প্রার্থী ঘোষণার পর থেকেই তাঁকে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দেখা গিয়েছে। তাঁর বিশ্বাস, এলাকার মানুষ সুবিচারের পক্ষেই রায় দেবেন।বুধবার সকালে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। এদিন তাঁর সাদা শাড়ির কালো পাড়েও ছিল প্রতিবাদের বার্তা— ‘মেরুদণ্ড বিক্রি নেই’। ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, “আমরাই জিতব, আমরা বিচার পাব, মানুষ আমাদের ভোট দেবে।” অন্যদিকে অভয়ার বাবার কথায়, “মেয়ের মৃত্যুর সুবিচারের জন্য এই পথে নামতে হয়েছে, এটা দুঃখজনক। কিন্তু আমরা জিতবই।”