১৮-র আগে মা হলে স্বামীর বিরুদ্ধে পকসো মামলা, বাল্যবিবাহ রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!
নিজস্ব সংবাদদাতা: বাল্যবিবাহ এবং নাবালিকা গর্ভধারণ রুখতে এবার আরও কঠোর পদক্ষেপের বার্তা দিল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার আগে কোনও মেয়ে মা হলে তাঁর স্বামীর বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হবে। এই ধরনের ঘটনায় সরকার স্বতঃপ্রণোদিত ভাবে মামলা দায়ের করবে বলেও জানিয়েছেন তিনি।সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, বাল্যবিবাহ ও ১৮ বছরের আগে সন্তান জন্মদানের ঘটনায় পশ্চিমবঙ্গের পরিস্থিতি উদ্বেগজনক। তাঁর অভিযোগ, আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলেই এই সমস্যা আরও বেড়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ১৮ বছর বয়সের আগে কোনও কিশোরী গর্ভবতী হলে তাঁর স্বামীর বিরুদ্ধে পকসো আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলেও তিনি জানান। পাশাপাশি, দোষীদের সরকারি সুযোগ-সুবিধা ও বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা থেকেও বঞ্চিত করার কথা জানিয়েছেন তিনি।শুধু বর-কনে নয়, নাবালক-নাবালিকার বিয়েতে যাঁরা সহযোগিতা করবেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, এমন বিয়ে সম্পন্ন করানো পুরোহিত বা কাজিরাও আইনের আওতার বাইরে থাকবেন না। সংশ্লিষ্ট অভিভাবকদের বিরুদ্ধেও প্রশাসন পদক্ষেপ করবে।
ছয় বছরে প্রায় ৬০ হাজার নাবালিকা মা : মুখ্যমন্ত্রীর দাবি, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত রাজ্যে প্রায় ৬০ হাজার ১৮ বছরের কম বয়সি মেয়ে মা হয়েছেন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্যের ভিত্তিতেই এই পরিসংখ্যান তুলে ধরেছেন তিনি।এই তালিকায় শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ। ওই সময়ে জেলায় ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই প্রায় ১২,৮৪৭ জন কিশোরী মা হয়েছেন বলে দাবি করা হয়েছে। এরপর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, যেখানে একই সময়ে ১৮ বছরের কম বয়সি ৪,১৭৮ জন কিশোরী মা হয়েছেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।বাল্যবিবাহ প্রতিরোধে প্রচলিত আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার বিধানের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, এই সামাজিক অপরাধের বিরুদ্ধে আরও কঠোরভাবে পদক্ষেপ করতে হবে। তাঁর কথায়, বাল্যবিবাহের ঘটনা এত বেশি যে এই অপরাধে অভিযুক্তদের সকলকে গ্রেফতার করা হলে কারাগারে জায়গার সংকটও তৈরি হতে পারে। তবে সেই কারণে অভিযান থামবে না বলেও স্পষ্ট করেছেন তিনি।মুখ্যমন্ত্রীর বার্তা, বাল্যবিবাহ ও নাবালিকা গর্ভধারণের মতো সামাজিক কুপ্রথা বন্ধ করতে আগামী দিনে আরও বড় পরিসরে অভিযান চালানো হবে। প্রশাসনকে সক্রিয় করে এই ধরনের ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার ওপরই জোর দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।