পুজোর আগেই খুলতে পারে ১০–১২টি বন্ধ চা বাগান! মুখ্যমন্ত্রীর ঘোষণায় আশার আলো ডুয়ার্সের শ্রমিকদের!

নিজস্ব সংবাদদাতা : দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাজ্যের একাধিক চা বাগান পুজোর আগেই খুলে যেতে পারে। এমনই আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার জলপাইগুড়ি জেলা শাসকের দফতরে সিকিমের টানেল দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারের হাতে আর্থিক সহায়তা ও চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, পুজোর আগেই ১০ থেকে ১২টি বন্ধ চা বাগান খোলার সম্ভাবনা রয়েছে।মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় নতুন করে আশার আলো দেখছেন ডুয়ার্সের বন্ধ চা বাগানের শ্রমিকরা। রেড ব্যাঙ্ক, নিউ ডুয়ার্স, কিলকোট-সহ একাধিক বন্ধ বাগানের শ্রমিকদের আশা, পুজোর আগেই বাগানগুলি খুললে বহু পরিবারে ফের জীবিকা ফিরবে।দীর্ঘদিন ধরে কাজের অভাবে বহু শ্রমিককে ভিনরাজ্যে কাজের সন্ধানে পাড়ি দিতে হয়েছে। বাগানগুলি খুললে সেই প্রবণতা কমবে বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী। তিনি পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, শুধু চা বাগান নয়, রাজ্যে নতুন শিল্প গড়ে তোলার দিকেও সরকার জোর দিচ্ছে।বাগান খোলার সম্ভাবনার খবরে শ্রমিকদের মধ্যে ফিরেছে স্বস্তি। তাঁদের আশা, দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে পুজোর আগেই যদি কাজের সুযোগ ফিরে আসে, তাহলে পরিবার-পরিজনের সঙ্গে উৎসব কাটানোর সুযোগ মিলবে। জীবিকার সন্ধানে আর ঝুঁকি নিয়ে ভিনরাজ্যে পাড়ি দিতে হবে না বলেও আশাবাদী তাঁরা।