“কাশ্মীরে পাথরবাজি বন্ধ হয়েছে, বাংলাতেও হবে” — পুলিশকে ‘ফ্রি-হ্যান্ড’ দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী!
অভিজিৎ সাহা: কলকাতার পার্ক সার্কাস এলাকায় সাম্প্রতিক অশান্তির ঘটনার পর কড়া অবস্থান নিল রাজ্য সরকার। সোমবার ঘটনাস্থল পরিদর্শন এবং আহত পুলিশ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, বাংলায় কোনওভাবেই “পাথরবাজি” বরদাস্ত করা হবে না।মুখ্যমন্ত্রী বলেন, “কাশ্মীরে পাথর ছোড়া বন্ধ হয়েছে, এখানেও বন্ধ হবে। কেউ যদি মনে করেন আগের সরকারের নিয়ম এখনও চলছে, তাহলে ভুল করছেন। পুলিশের গায়ে হাত পড়লে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যাওয়া দরকার, আমি যাব।”রবিবার বুলডোজার অভিযান-সহ একাধিক ইস্যুর প্রতিবাদে পার্ক সার্কাস এলাকায় বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। বিক্ষোভ চলাকালীন পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয়। ঘটনায় অন্তত তিনজন পুলিশকর্মী আহত হন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।সোমবার কলকাতা পুলিশের ডিসি অফিসে গিয়ে আহত আধিকারিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, এই ঘটনা “পূর্ব পরিকল্পিত”। তাঁর অভিযোগ, ঘটনার আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ছড়ানো হয়েছিল।প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এটাই শেষ ঘটনা হওয়া উচিত। এরপর এ ধরনের ঘটনা ঘটলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
এই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। আইনশৃঙ্খলা ও প্রতিবাদ কর্মসূচি ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে রাজ্যে।