অগ্নিনির্বাপণ ব্যবস্থায় গাফিলতি নয়, মেদিনীপুরে কড়া নজর দমকলের!

সেখ ওয়ারেশ আলী : অগ্নিনির্বাপন ব্যবস্থায় কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না— রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরই তৎপর হয়ে উঠেছে দমকল বিভাগ। মঙ্গলবার সকাল থেকেই মেদিনীপুর শহরের একাধিক নার্সিংহোমে শুরু হয়েছে ব্যাপক ফায়ার অডিট অভিযান।

দমকল বিভাগের আধিকারিকরা প্রতিটি নার্সিংহোমে গিয়ে খতিয়ে দেখছেন অগ্নিনির্বাপন ব্যবস্থা যথাযথ রয়েছে কিনা, ফায়ার ইকুইপমেন্ট সঠিকভাবে বসানো হয়েছে কি না এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা বিধি মানা হচ্ছে কিনা। পাশাপাশি ফায়ার সেফটি সংক্রান্ত অনুমোদন ও প্রয়োজনীয় নথিপত্রও খতিয়ে দেখা হচ্ছে।দমকল বিভাগের আধিকারিক চিন্ময় বক্সী জানান, শুধুমাত্র নার্সিংহোম নয়, আগামী দিনে জেলার বিভিন্ন হাইরাইজ বিল্ডিংয়েও এই ফায়ার অডিট অভিযান চালানো হবে। তিনি বলেন, বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রাথমিক পর্যায়ে বিল্ডিং প্ল্যান অনুযায়ী ফায়ার সেফটির সুপারিশ নেওয়া হলেও, নির্মাণের সময় সেই নির্দেশিকা যথাযথভাবে মানা হচ্ছে না। ফলে অনেক ভবন ফায়ার ক্লিয়ারেন্স পেতে ব্যর্থ হচ্ছে।

দমকল বিভাগের তরফে স্পষ্ট জানানো হয়েছে, যেসব হাইরাইজ বিল্ডিংয়ে বৈধ ফায়ার সেফটি সার্টিফিকেট নেই বা অগ্নিনির্বাপন ব্যবস্থায় ত্রুটি রয়েছে, তাদের বিরুদ্ধে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের এই পদক্ষেপের জেরে শহরের বিভিন্ন বাণিজ্যিক ও আবাসিক ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে সতর্কতা শুরু হয়েছে।