তারাতলা উদ্ধার অভিযানের বীরদের সংবর্ধনা, ১৭টি প্রাণ বাঁচানো উদ্ধারকারী বাহিনীকে সম্মান জানাল রাজ্য!

নিজস্ব সংবাদদাতা : তারাতলা দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে অসামান্য সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা ও নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবে বিভিন্ন উদ্ধারকারী সংস্থার সদস্যদের সংবর্ধনা জানানো হল কলকাতা পুলিশ লাইনে। এদিন আয়োজিত প্রশংসাপত্র প্রদান ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মন্ত্রী অগ্নিমিত্রা পাল,মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উদ্ধারকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন, "আপনাদের অক্লান্ত প্রচেষ্টার জন্য ১৭ জন মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। এই সাফল্য আপনাদের সাহস, দক্ষতা এবং নিষ্ঠারই প্রমাণ।"এদিন ভারতীয় সেনাবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), কলকাতা পুলিশ, সিভিল ডিফেন্স, দমকল বিভাগ, গণপূর্ত দফতর (PWD), অ্যাম্বুলেন্স পরিষেবা, রেল বিভাগ, কলকাতা পুরসভার বিপর্যয় মোকাবিলা দল এবং কলকাতা আর্মড পুলিশ-সহ উদ্ধার অভিযানে অংশ নেওয়া বিভিন্ন সংস্থার সদস্যদের সম্মানিত করা হয়।

এনডিআরএফ-এর ভূমিকার বিশেষ প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, "এনডিআরএফকে আরও শক্তিশালী করতে হবে। নতুন দল গঠনের বিষয়টি আমরা বিবেচনা করছি। পাশাপাশি বাহিনীর জনবলও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।"

তারাতলা দুর্ঘটনায় দ্রুত, সমন্বিত ও দক্ষ উদ্ধার অভিযান চালিয়ে বহু মানুষের প্রাণ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া উদ্ধারকারী বাহিনীর সদস্যদের এই সম্মাননা অনুষ্ঠানে তাঁদের কাজের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।