পশ্চিম মেদিনীপুরে সাড়ম্বরে পালিত পশ্চিমবঙ্গ দিবস, তুলসী গাছে জল দিয়ে অনুষ্ঠানের সূচনা মন্ত্রী দিলীপ ঘোষের!
নিজস্ব সংবাদদাতা : রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ দিবস উদযাপন উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলায় আয়োজন করা হলো বর্ণাঢ্য অনুষ্ঠানের। শনিবার বিকেলে মেদিনীপুর শহরের প্রদ্যুৎ স্মৃতি সদন মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় জেলার মূল কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি তুলসী গাছে জল প্রদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ দিবস উদযাপন উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলায় আয়োজন করা হলো এক বর্ণাঢ্য অনুষ্ঠানের।
শনিবার বিকেলে মেদিনীপুর শহরের প্রদ্যুৎ স্মৃতি সদন মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় জেলার মূল কর্মসূচি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা (আইএএস), বিধায়ক ড. শঙ্কর গুচ্ছাইত, বিধায়ক বিমান মাহাতো, বিধায়ক ভদ্রা হেমব্রম, পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. সৌম্যশঙ্কর সারেঙ্গী-সহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক, জনপ্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।বক্তারা তাঁদের বক্তব্যে পশ্চিমবঙ্গের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য এবং গৌরবময় পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন।
একই সঙ্গে নতুন প্রজন্মের মধ্যে বাংলার সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তা সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।অনুষ্ঠানে আয়োজিত সাংস্কৃতিক পর্বে সংগীত, আবৃত্তি ও অন্যান্য পরিবেশনার মাধ্যমে বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হয়। উপস্থিত অতিথি ও দর্শকদের অংশগ্রহণে সমগ্র অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দীপান্বিতা জানা।পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি জেলার সাংস্কৃতিক ও ঐতিহাসিক চেতনাকে আরও সমৃদ্ধ করেছে বলে মত প্রকাশ করেন উপস্থিত বিশিষ্টজনেরা। বাংলার ঐতিহ্য ও আত্মপরিচয়কে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তাঁরা উল্লেখ করেন।