গণনার আগে মেদিনীপুরে কড়া নিরাপত্তা, ১৪৪ ধারা জারি—সকাল থেকেই শুরু হবে ভোটগণনা!
সেখ ওয়ারেশ আলী : রাত পোহালেই ভোটগণনা। তার আগেই মেদিনীপুর শহরের কাউন্টিং সেন্টার সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে কেন্দ্রীয় বাহিনী। জওয়ানরা এলাকাজুড়ে টহল বাড়িয়ে কার্যত ফাঁকা করে দিয়েছে আশপাশ। পঞ্চুরচক থেকে গোলকুয়া চক পর্যন্ত জারি করা হয়েছে ১৪৪ ধারা, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। ৪ মে, সোমবার সকাল ৮টা নাগাদ শুরু হবে ভোটগণনা।
রাজ্যের প্রায় সব কেন্দ্রেই একই সময়ে গণনা শুরু হওয়ার কথা, যদিও বিশেষ কিছু ক্ষেত্রে সামান্য দেরি হতে পারে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে। তবে এমন পরিস্থিতির সম্ভাবনা খুবই কম বলেই মনে করা হচ্ছে।তবে গণনা শুরু হলেই চূড়ান্ত ফলাফল স্পষ্ট হয়ে যাবে—এমনটা নয়। কারণ, একাধিক রাউন্ডে ভোটগণনা চলবে। কোনও একটি রাউন্ডে একটি দলের প্রার্থী এগিয়ে থাকলেও পরবর্তী রাউন্ডে পরিস্থিতি বদলে যেতে পারে। ফলে প্রথম দফার ফল দেখে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়।বিশেষজ্ঞদের মতে, দুপুর ১২টা থেকে ১টার মধ্যে একটি প্রাথমিক চিত্র সামনে আসতে শুরু করে। কোন দলের দিকে পাল্লা ভারী, তার আভাস মেলে ঠিকই, তবে সম্পূর্ণ ফলাফল স্পষ্ট হতে সময় লাগে। অনেক ক্ষেত্রেই বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হয় চূড়ান্ত ফল জানতে।