রাজ্য কর্মীদের মুখে হাসি! ২০২৫-২৬ অর্থবর্ষে ৭,৪০০ টাকার অ্যাড-হক বোনাস ঘোষণা!

নিজস্ব সংবাদদাতা : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করল West Bengal Finance Department। ২০২৫-২০২৬ অর্থবর্ষের জন্য অ্যাড-হক বোনাস প্রদানের নির্দেশিকা জারি করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মেমো নং ৮১১-এফ(পি২) মারফত নতুন বোনাসের হার ও যোগ্যতার শর্ত প্রকাশ করা হয়েছে। এর ফলে রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী, পঞ্চায়েত, পুরসভা এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা উপকৃত হবেন।যাঁরা কোনো প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস স্কিমের আওতায় পড়েন না, তাঁরাই এই বোনাস পাওয়ার যোগ্য। ২০২৫-২৬ সালের জন্য বোনাসের পরিমাণ নির্ধারণ করা হয়েছে মাথাপিছু ৭,৪০০ টাকা। তবে শর্ত অনুযায়ী, ৩১ মার্চ ২০২৬ তারিখে কর্মচারীর মাসিক এমোলিউমেন্টস ৪৬,০০০ টাকার মধ্যে থাকতে হবে। এই সীমা সংশোধিত ও অসংশোধিত—উভয় বেতন কাঠামোর ক্ষেত্রেই প্রযোজ্য।যোগ্যতার ক্ষেত্রে জানানো হয়েছে, সংশ্লিষ্ট অর্থবর্ষে অন্তত টানা ছয় মাস কাজ করতে হবে। যাঁদের বেতন বর্তমানে ৪৬,০০০ টাকার বেশি হলেও বছরের অন্তত ছয় মাস তা এই সীমার নিচে ছিল—পদোন্নতি বা ইনক্রিমেন্টের কারণে বৃদ্ধি পেয়ে থাকলে—তাঁরাও সম্পূর্ণ ৭,৪০০ টাকা বোনাস পাবেন।ক্যাজুয়াল বা অস্থায়ী কর্মীরা যদি বছরে ন্যূনতম ১২০ দিন কাজ করে থাকেন, তবে তাঁরা আনুপাতিক হারে বোনাস পাওয়ার অধিকারী হবেন।ROPA 2019 অনুযায়ী ‘সংশোধিত বেতন’ বলতে মূল বেতন (Pay in the Level), মহার্ঘ ভাতা (DA) এবং নন-প্র্যাকটিসিং অ্যালাউন্স (NPA) অন্তর্ভুক্ত থাকবে। তবে বাড়ি ভাড়া ভাতা (HRA), মেডিকেল অ্যালাউন্স বা যাতায়াত ভাতা এই গণনার মধ্যে ধরা হবে না। চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে তাঁদের মাসিক কনসোলিডেটেড পে-ই এমোলিউমেন্টস হিসেবে বিবেচিত হবে।যাঁরা ছয় মাসের বেশি কিন্তু এক বছরের কম সময় কাজ করেছেন, তাঁদের ক্ষেত্রে বোনাস গণনার সূত্র নির্ধারিত হয়েছে— (৩১ মার্চ ২০২৬-এর বেতন ÷ ১২) × কাজের মাস সংখ্যা। তবে সর্বোচ্চ সীমা ৭,৪০০ টাকাই থাকবে। ১৫ দিনের বেশি কাজ করলে তা পূর্ণ মাস হিসেবে গণ্য হবে।রাজ্য বাজেটের ‘Ad-hoc Bonus’ খাত থেকেই এই খরচ বহন করা হবে। পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের কর্মীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর শীঘ্রই পৃথক বিজ্ঞপ্তি জারি করবে বলে জানানো হয়েছে।