‘আমি মুক্ত বিহঙ্গ, রাস্তায় নেমেই লড়ব’—ফলাফলের পর বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়, ইস্তফা নয় স্পষ্ট বার্তা!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গের ২৯৩টি বিধানসভা আসনের মধ্যে ২০৭টিতে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস জিতেছে ৮০টি আসনে। এই ফল প্রকাশের পর মঙ্গলবার বিকেলে কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এত দিন আমি চেয়ারে ছিলাম, অনেক কিছু সহ্য করেছি। কিন্তু এখন আমি মুক্ত বিহঙ্গ, একজন সাধারণ মানুষ। আর অন্যায় সহ্য করব না, সব অত্যাচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। আমি রাস্তার মানুষ—রাস্তায় ছিলাম, রাস্তায়ই থাকব।”তিনি আরও জানান, বিজেপি-বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের একাধিক নেতা ইতিমধ্যেই ফোন করে পাশে থাকার বার্তা দিয়েছেন। তাঁর কথায়, “আগামী দিনে জোট আরও শক্তিশালী হবে। অখিলেশ যাদব আজ আসতে চেয়েছিল, আমি কাল আসতে বলেছি। একে একে সকলেই আসবেন, আমরা জোটকে আরও মজবুত করব।”তবে এই পরিস্থিতিতেও পদত্যাগের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন মমতা। তিনি বলেন, “আমি কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি—জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্নই ওঠে না।”ভোট-পরবর্তী পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি দাবি করেন, “২০০৪ সালেও এমন কিছু দেখিনি। ১৯৭২ সালের সন্ত্রাসের কথা শুনেছি, চোখে দেখিনি। কিন্তু এবারের পরিস্থিতি সব কিছুকে ছাড়িয়ে গিয়েছে।