পঞ্চায়েতে বড় বদল! প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা কেড়ে নিতে চলেছে রাজ্য!

অভিজিৎ সাহা : পঞ্চায়েত স্তরে দুর্নীতি রুখতে বড় পদক্ষেপের পথে রাজ্য সরকার। ১২৫ দিনের কাজ শুরু হতেই ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে গ্রাম পঞ্চায়েত প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।প্রস্তাব অনুযায়ী, পঞ্চায়েতের আর্থিক লেনদেন ও ব্যয়ের ক্ষমতা দেওয়া হতে পারে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টদের হাতে। অর্থাৎ নির্বাচিত জনপ্রতিনিধিদের পরিবর্তে সরকারি আধিকারিকরাই অর্থ ব্যবস্থাপনার মূল দায়িত্ব পালন করবেন। জানা গিয়েছে, ওড়িশা মডেল অনুসরণ করেই এই সিদ্ধান্তের পথে এগোচ্ছে রাজ্য। ইতিমধ্যে West Bengal Panchayat Act, 1973-এ সংশোধন আনার প্রস্তুতিও শুরু হয়েছে বলে সূত্রের দাবি।সরকারের মতে, প্রকল্পের অর্থের স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করা এবং দুর্নীতির সুযোগ কমাতেই এই পদক্ষেপ। তবে এই সিদ্ধান্ত কার্যকর হলে পঞ্চায়েত প্রধানদের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।আইন সংশোধনের পরই বিষয়টি নিয়ে চূড়ান্ত ঘোষণা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।