পূর্ব মেদিনীপুর সফরে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা পর্যালোচনা!
নিজস্ব সংবাদদাতা: রাজ্যের সরকারি হাসপাতালগুলির স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো এবং চিকিৎসা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি পর্যালোচনার উদ্দেশ্যে জেলা সফরে রয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সেই কর্মসূচির অংশ হিসেবে শনিবার তিনি দীঘা স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন।
হাসপাতাল পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখে স্বাস্থ্য পরিষেবার মান, পরিকাঠামো এবং চিকিৎসা ব্যবস্থার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।
পরিদর্শন শেষে তিনি জানান, হাসপাতালের পরিষেবা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে এবং রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা পাচ্ছেন।
একই সঙ্গে হাসপাতালের বর্তমান পরিকাঠামো, ভবিষ্যতের চাহিদা এবং পরিষেবার আরও উন্নয়নের লক্ষ্যে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
এরপর স্বাস্থ্যমন্ত্রী প্রবীণ জননেতা শিশির অধিকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকারে জনসেবা, উন্নয়নমূলক উদ্যোগ এবং মানুষের কল্যাণে সমন্বিতভাবে কাজ করার বিষয় নিয়ে মতবিনিময় হয়। শিশির অধিকারীর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, জনসেবার প্রতি তাঁর নিষ্ঠা এবং মানুষের কল্যাণে অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভবিষ্যতেও জনস্বার্থে ইতিবাচক সমন্বয় বজায় রেখে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।