বাংলার রেল যোগাযোগে কি আসছে নতুন যুগ? বুলেট ট্রেন থেকে লক্ষ কোটি টাকার প্রকল্পে আশার আলো!
নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গের রেল অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে কেন্দ্র ও রাজ্যের সাম্প্রতিক আলোচনায়। রেলমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈঠকের পর বাংলায় এক লক্ষ কোটিরও বেশি টাকার রেল প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।সূত্রের দাবি, কেন্দ্র-রাজ্যের সমন্বয়ে দীর্ঘদিনের একাধিক রেল প্রকল্পে গতি আসতে পারে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং জঙ্গলমহলকে আরও উন্নত রেল নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করার পরিকল্পনাও আলোচনায় উঠে এসেছে।সবচেয়ে বেশি চর্চায় রয়েছে সম্ভাব্য বুলেট ট্রেন প্রকল্প।
প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়িত হলে ভবিষ্যতে দিল্লি থেকে শিলিগুড়ির যাত্রাসময় উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সরকারি ঘোষণা হয়নি।এছাড়াও রাজ্যে ১০২টি অমৃত ভারত স্টেশনের উন্নয়ন, ৫৩৮টি আন্ডারপাস ও উড়ালপুল নির্মাণ এবং মেট্রো রেল সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানা গিয়েছে।রেল প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় জমি প্রদানে রাজ্য সরকার সহযোগিতা করবে বলেও আলোচনায় উঠে এসেছে। সংশ্লিষ্ট মহলের মতে, কেন্দ্র ও রাজ্যের সমন্বিত উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলার রেল যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।এখন নজর সরকারি ঘোষণার দিকে। প্রস্তাবিত প্রকল্পগুলি বাস্তবে রূপ পেলে রাজ্যের পরিবহণ, বাণিজ্য ও অর্থনীতিতে তার ইতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।