তৃণমূল ভবন ঘিরে তীব্র বিতর্ক! দখলের দাবি ঋতব্রত শিবিরের, পোস্টারে নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি!
নিজস্ব সংবাদদাতা: তৃণমূল ভবনে তালা, দখলের দাবি ঋতব্রত শিবিরের; কুণাল ঘোষকে ঢুকতে না দেওয়ার অভিযোগ!তৃণমূল ভবনকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির ভবনের দখল নেওয়ার দাবি করেছে। ভবনের মালিকপক্ষের সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষরও করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা। দলের কোষাধ্যক্ষ আখরুজ্জামান দাবি করেন, ভবিষ্যতে তাঁদের সমস্ত সাংগঠনিক কার্যক্রম এই কার্যালয় থেকেই পরিচালিত হবে। তাঁর আরও দাবি, ভবনের প্রধান দরজায় নতুন তালা লাগানো হয়েছে এবং গেটের চাবি তাঁদের কাছেই থাকবে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এদিকে, কার্যালয়ের বাইরে নতুন পোস্টারও টাঙানো হয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। পরিবর্তে পোস্টারে চেয়ারপার্সন হিসেবে অরূপ রায়ের নাম উল্লেখ করা হয়েছে, যা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। ঘটনার খবর পেয়ে কালীঘাট শিবিরের অন্যতম মুখ কুণাল ঘোষ সেখানে পৌঁছলেও, কার্যালয়ে তালা থাকায় তিনি ভিতরে প্রবেশ করতে পারেননি। পরে বাইরে দাঁড়িয়ে ঋতব্রত শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।কুণাল ঘোষ বলেন, "এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যারা আজ এখানে এসেছেন, তাঁরা কি নির্দল প্রতীকে নির্বাচিত হয়েছেন? এ ধরনের দায়িত্বজ্ঞানহীন কাজ করা উচিত নয়।" তৃণমূল ভবনকে কেন্দ্র করে এই ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে বিষয়টি নিয়ে দলীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।