আগুনে পুড়ল ইভিএম, জ্বলছে বিতর্কও! আলিপুর কাণ্ডে এফআইআর দায়ের!

নিজস্ব সংবাদদাতা : কলকাতার আলিপুরে অবস্থিত একটি সরকারি প্রশাসনিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৪,০০০টি ইভিএম পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত ১০ জুন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের ১০ তলা ভবনে আগুন লাগে, যার জেরে রাজ্যের ১০টি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণে ব্যবহৃত বিপুল সংখ্যক ইভিএম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন সামনে এসেছে। বিশেষ করে ভবনের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তলা তুলনামূলকভাবে অক্ষত থাকা সত্ত্বেও আগুন কীভাবে সরাসরি অষ্টম ও নবম তলায় ছড়িয়ে পড়ল, তা নিয়ে সন্দেহ ও জল্পনা তৈরি হয়েছে। এই অস্বাভাবিক পরিস্থিতি ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক মহলেও তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া না হলেও, ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ বা পরিকল্পিত নাশকতার সম্ভাবনাও খতিয়ে দেখছে তদন্তকারীরা। ইতিমধ্যেই আলিপুর থানায় একটি এফআইআর দায়ের হয়েছে এবং আগুন লাগার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।