বাংলার উন্নয়ন ও কর্মসংস্থান ইস্যুতে মোদি–সীতারামনের সঙ্গে বৈঠক করলেন দিলীপ ঘোষ!
নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গে কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে উন্নয়নের গতি বাড়ানোর লক্ষ্যে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত এই সাক্ষাতের সময় সেখানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কুও। বৈঠকে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প, রাজ্যের উন্নয়ন এবং একাধিক প্রশাসনিক বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে বলে তিনি জানান।সূত্রের খবর, বৈঠকে দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীকে জানান, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে বর্তমানে প্রায় ১১ হাজার পদ শূন্য রয়েছে। এই বিপুল সংখ্যক শূন্যপদ কীভাবে দ্রুত পূরণ করা যায় এবং প্রশাসনিক কাজকে কীভাবে আরও দক্ষ করা সম্ভব, তা নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়।
দিলীপ ঘোষের দাবি, গত কয়েক দশক ধরে পশ্চিমবঙ্গে কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজনৈতিক মতপার্থক্যের কারণে উন্নয়নের গতি অনেক ক্ষেত্রেই বাধাগ্রস্ত হয়েছে। বর্তমানে কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ের মাধ্যমে উন্নয়নমূলক কাজকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।এছাড়াও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গেও তাঁর সৌজন্য সাক্ষাৎ হয়। ওই বৈঠকে পশ্চিমবঙ্গের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন, পরিকাঠামো নির্মাণ, শিল্প বিনিয়োগ এবং রাজ্যের যুবসমাজের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান দিলীপ ঘোষ।তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের মানুষ যাতে কেন্দ্রীয় প্রকল্পগুলির পূর্ণ সুবিধা পান এবং রাজ্যের প্রতিটি অঞ্চলে উন্নয়নের ধারা আরও জোরদার হয়, সেই বিষয়েও অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।