WBJEE 2026 ফলাফল ঘোষণা, মেধাতালিকায় নজর কাড়ল মেদিনীপুরের ছাত্র!

নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হল ২০২৬ সালের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE) ফলাফল। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (WBJEEB)-এর পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। একইসঙ্গে প্রকাশ করা হয়েছে এবারের মেধাতালিকায় স্থান পাওয়া কৃতী ছাত্র-ছাত্রীদের নাম।এবারের পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অধিকার করেছেন সল্টলেকের নালন্দা অ্যাকাডেমির ছাত্র শাশ্বত বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় স্থানে রয়েছেন জোকার বিষ্ণুপুর বিবেকানন্দ মিশন স্কুলের সৌঋদ্ধ মণ্ডল এবং তৃতীয় স্থান অর্জন করেছেন রানিগঞ্জ পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলের উমঙ্গ ভুট।

WBJEE 2026-এর সেরা ১০ মেধাবী ছাত্র-ছাত্রী:

১) শাশ্বত বন্দ্যোপাধ্যায় — নালন্দা অ্যাকাডেমি, সল্টলেক
২) সৌঋদ্ধ মণ্ডল — বিষ্ণুপুর বিবেকানন্দ মিশন স্কুল, জোকা
৩) উমঙ্গ ভুট — রানিগঞ্জ পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল
৪) রাহুল কোনার — দিল্লি পাবলিক স্কুল, নিউটাউন
৫) সর্বান ভট্টাচার্য — বীজপুর গার্ডেন হাই স্কুল
৬) আরহা ভট্টাচার্য — চন্দ্রকোণা জিরাট হাইস্কুল
৭) সৃজন শূর — সাউথ পয়েন্ট হাইস্কুল, শিবপুর
৮) মণীশ সেনাপতি — মেদিনীপুর কলেজিয়েট স্কুল, পশ্চিম মেদিনীপুর
৯) সব্যসাচী লস্কর — বিডিএম ইন্টারন্যাশনাল, সোনারপুর
১০) দেবজিৎ পাল — সাউথ পয়েন্ট হাইস্কুল, বালিগঞ্জ

এবারের মেধাতালিকায় রাজ্যের বিভিন্ন জেলার স্কুলের ছাত্র-ছাত্রীদের সাফল্য বিশেষভাবে নজর কেড়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র মণীশ সেনাপতির অষ্টম স্থান অর্জন জেলার শিক্ষামহলে গর্বের বিষয় হয়ে উঠেছে।

কীভাবে দেখবেন ফলাফল?

পরীক্ষার্থীরা WBJEEB-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের ফলাফল দেখতে পারবেন। এজন্য প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করে ‘WBJEE 2026 Result’ লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করলে স্ক্রিনে ফলাফল দেখা যাবে। সেখান থেকে র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।ফলাফল প্রকাশের পর রাজ্যজুড়ে কৃতী ছাত্র-ছাত্রীদের সাফল্যে খুশির আবহ তৈরি হয়েছে। এখন সকলের নজর আসন্ন কাউন্সেলিং প্রক্রিয়া ও পছন্দের ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির দিকে।