গরমের দাপট কমবে, তবে আসছে কালবৈশাখীর দাপট—ঝড়-বৃষ্টিতে সতর্ক দক্ষিণবঙ্গ!
নিজস্ব সংবাদদাতা : গরমে হাঁসফাঁস করা দক্ষিণবঙ্গের জন্য স্বস্তির ইঙ্গিত মিললেও, সেই স্বস্তির সঙ্গেই আসছে ঝড়-বৃষ্টির সতর্কতা। সপ্তাহের শুরুতেই বদলে যাচ্ছে আবহাওয়ার চিত্র। কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং দমকা হাওয়ার দাপটে একাধিক জেলায় পরিস্থিতি অস্থির হয়ে উঠতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকেই ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে।দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির প্রভাব স্পষ্ট হতে শুরু করেছে।
পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতেও একই গতিতে কালবৈশাখীর সতর্কতা জারি হয়েছে।কলকাতা-সহ আশপাশের এলাকাতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশের প্রভাবে ২৭শে এপ্রিল, সোমবার থেকেই তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। সপ্তাহজুড়ে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।একদিকে গরম থেকে সাময়িক স্বস্তি, অন্যদিকে ঝড়-বৃষ্টির আশঙ্কা—দুইয়ের মাঝেই সতর্ক থাকতে বলছে প্রশাসন।