বিয়ের মণ্ডপেই মানবিকতার জয়—রক্তদান শিবিরে গড়ল অনন্য নজির!
অভিজিৎ হাজরা : বিবাহ মানেই শুধু আনন্দ, উৎসব আর দুই মানুষের নতুন জীবনের অঙ্গীকার নয়—মানবিকতার এক উজ্জ্বল উদাহরণও হতে পারে, সেটাই প্রমাণ করলেন এক নবদম্পতি। সমাজে যখন রক্তের সংকট চরমে, তার উপর গরমের দাপট ও নির্বাচনকালীন ব্যস্ততায় ব্লাড ব্যাংকগুলোতে রক্তের অভাব প্রকট—ঠিক তখনই নিজেদের বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে রক্তদান শিবিরের আয়োজন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন শেখ আসাদুল আলী ও রিজা খাতুন।“একের রক্তে অন্যের জীবন, রক্ত হোক আত্মার বন্ধন”—এই বার্তাকে সামনে রেখে নতুন প্রজন্মকে রক্তদানে উৎসাহিত করাই ছিল তাঁদের মূল লক্ষ্য। “আঠারোতে ভোটাধিকার, আঠারোতেই সমাজসেবা”—এই নতুন স্লোগানকে সামনে রেখে আয়োজন করা হয় এই মানবিক কর্মসূচি।এই উদ্যোগ বাস্তবায়নে এগিয়ে আসে Dot Foundation।
সংস্থার সভাপতি দীপঙ্কর পোড়েল জানান, সারা বছর নানা সামাজিক অনুষ্ঠান—অন্নপ্রাশন, জন্মদিন বা ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির আয়োজন করা হলেও, বিবাহ অনুষ্ঠানে এমন উদ্যোগ তাঁদের কাছেও সম্পূর্ণ নতুন। নানা প্রতিকূলতা ও কটূক্তি সত্ত্বেও এই শিবির সফলভাবে আয়োজন করা সম্ভব হয়েছে বলেও তিনি জানান।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডট ফাউন্ডেশনের সদস্যা ডা. রিমা নস্কর মুখার্জী, সঙ্গীতা চক্রবর্তী, সম্পাদক মহিদুল আলী, পঞ্চায়েত সদস্য লিয়াকত আলী, রাজু আলী, মাসুম, পূজা, কৌশিক কংসবণিক সহ আরও অনেকে। সকল সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকরা।
এই কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় Dr. B.C. Roy Post Graduate Institute of Paediatric Sciences Blood Centre। মূল উদ্দেশ্য ছিল রক্তের সংকট দূর করা এবং নতুন প্রজন্মকে রক্তদানে উৎসাহিত করা।পাশাপাশি এই মঞ্চ থেকেই একটি গুরুত্বপূর্ণ বার্তাও দেওয়া হয়—বিবাহের আগে রক্ত পরীক্ষা বাধ্যতামূলক করা এবং থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বাড়ানো। থ্যালাসেমিয়া-মুক্ত সমাজ গড়ে তুলতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা নেবে বলেই মনে করছেন আয়োজকরা।