রেকর্ড ভেঙে সোনা, গ্লাসগোয় আবারও মীরাবাই ম্যাজিক! ইতিহাস গড়লেন ভারতীয় তারকা!

নিজস্ব সংবাদদাতা : গ্লাসগোয় আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন ভারতের তারকা ভারোত্তোলক মীরাবাই চানু। কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৪৮ কেজি বিভাগে টানা তৃতীয়বার সোনা জিতে ভারতের পদক তালিকায় সোনার সূচনা করলেন তিনি।৩১ বছর বয়সি অলিম্পিক পদকজয়ী মোট ১৯০ কেজি ওজন তুলে সোনা নিশ্চিত করেন। স্ন্যাচে ৮৫ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজি ওজন তোলেন মীরাবাই। তাঁর এই দুর্দান্ত পারফরম্যান্সে কমনওয়েলথ গেমস এবং কমনওয়েলথ—উভয় ক্ষেত্রেই নতুন রেকর্ড তৈরি হয়।

প্রতিযোগিতার শুরু থেকেই মীরাবাই ছিলেন সোনার অন্যতম প্রধান দাবিদার। স্ন্যাচে প্রথম প্রচেষ্টা সফল না হলেও দ্বিতীয় প্রচেষ্টায় ৮২ কেজি তুলে গেমস রেকর্ড ভেঙে দেন তিনি। এরপর ৮৫ কেজি ওজন তুলে নিজেরই গড়া ৮৪ কেজির কমনওয়েলথ রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করেন। একই সঙ্গে গেমসের রেকর্ডও নিজের দখলে নেন ভারতীয় তারকা।

ক্লিন অ্যান্ড জার্কেও প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয় মীরাবাইয়ের। তবে দ্বিতীয় প্রচেষ্টায় ১০৫ কেজি ওজন সফলভাবে তুলে সোনা নিশ্চিত করেন মণিপুরের এই ভারোত্তোলক। তাঁর আগে নাইজেরিয়ার রুথ নিয়ং ৯৩ কেজি ওজন তুলেছিলেন। ফলে ১০৫ কেজির সফল লিফটেই মীরাবাইয়ের সোনা নিশ্চিত হয়ে যায়।পদক জয়ের পর মীরাবাই জানান, তাঁর পরবর্তী বড় লক্ষ্য আগামী সেপ্টেম্বরের এশিয়ান গেমস। কমনওয়েলথ গেমসের আগে তিনি জানিয়েছিলেন, এশিয়ান গেমসের প্রস্তুতিতে যাতে কোনও প্রভাব না পড়ে, সে কারণে এই প্রতিযোগিতায় নিজের উপর অতিরিক্ত চাপ দিতে চান না।

তবে গ্লাসগোয় তাঁর দুর্দান্ত পারফরম্যান্স প্রমাণ করে দিয়েছে, এশিয়ান গেমসেও ভারতের অন্যতম বড় পদকের ভরসা হতে চলেছেন মীরাবাই চানু। কমনওয়েলথ গেমসের মঞ্চে আরও একটি সোনা জয়ের পর এবার তাঁর লক্ষ্য এশিয়ান গেমসের মঞ্চে নতুন সাফল্য অর্জন।