নারীদের জন্য আর্থিক শক্তি বাড়াল রাজ্য—‘লক্ষ্মীর ভাণ্ডার’-এ বাড়তি ভাতা,মেদিনীপুরে আনন্দের ছবি
পশ্চিম মেদিনীপুর, সেখ ওয়ারেশ আলী : রাজ্যের অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে আবারও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে মহিলাদের জন্য বাড়তি আর্থিক সহায়তার বার্তা দিলেন তিনি। ঘোষণা অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর মাসিক ভাতা বাড়িয়ে করা হচ্ছে ১৫০০ ও ১৭০০ টাকা। ফলে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা উপভোক্তা প্রতি মাসে অতিরিক্ত ৫০০ টাকা করে পাবেন।
প্রসঙ্গত, বাংলার মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বাড়াতে চালু হওয়া এই প্রকল্পের সূচনায় মাসে ৫০০ টাকা দেওয়া হত। পরে সেই অঙ্ক বাড়িয়ে ১০০০ টাকা করা হয়। এবার আরও এক ধাপ বাড়িয়ে ভাতা বৃদ্ধি করায় স্বাভাবিকভাবেই খুশির সুর রাজ্যজুড়ে। রাজ্য বাজেটে এই ঘোষণা হতেই মেদিনীপুর শহর জুড়ে দেখা যায় উচ্ছ্বাসের ছবি। মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সবুজ আবির মেখে ও মুখে মিষ্টি দিয়ে আনন্দ উদযাপন করা হয়।
সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বলা হয়, “এই সিদ্ধান্ত মহিলাদের আর্থিক ক্ষমতায়নকে আরও শক্তিশালী করল।” তবে সাধারণ মানুষের কাছে বড় বিষয়—প্রতি মাসে হাতে বাড়তি অর্থ, যা তাদের দৈনন্দিন জীবনে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে।