ঐতিহাসিক প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বেলদা কলেজে বিশেষ আলোচনা সভা!
নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বেলদা কলেজে সাড়ম্বরে আয়োজিত হল এক বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানের শুভ সূচনা করেন কলেজের অধ্যক্ষ ড. চন্দ্রশেখর হাজরা।অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের অধ্যাপক শৌভিক চট্টোপাধ্যায়।
তিনি বাংলার বিভাজন, দেশভাগ এবং পশ্চিমবঙ্গ গঠনের পটভূমি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ড. তুহিন কান্তি দাস, অধ্যাপিকা সুচিত্রা সেন-সহ কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী।
আলোচনায় উঠে আসে ১৯৪৭ সালের দেশভাগের সময় বাংলার বিভাজনের প্রসঙ্গ। তৎকালীন বঙ্গীয় আইনসভার ভোটাভুটির মাধ্যমে বাংলার হিন্দু-প্রধান অঞ্চল ভারতের অন্তর্ভুক্ত হয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের রূপ লাভ করে। এই ঐতিহাসিক সিদ্ধান্তের গুরুত্ব নিয়েও অনুষ্ঠানে আলোকপাত করা হয়।অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ড. সোহেলী চৌধুরী। সমগ্র অনুষ্ঠানটি শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলীর সক্রিয় অংশগ্রহণে এক গম্ভীর ও তাৎপর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি করে।