ইতিহাস-ঐতিহ্যের আলোচনায় মুখর নাড়াজোল রাজ কলেজ, সাড়ম্বরে পালিত পশ্চিমবঙ্গ দিবস!
নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে নাড়াজোল রাজ কলেজে মহাসমারোহে সাড়ম্বরে আয়োজিত হল এক বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. বাসুদেব মণ্ডল ,অধ্যাপিকা রাজশ্রী দেবনাথ ।অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল "ইতিহাস ও ঐতিহ্যের পশ্চিমবঙ্গ" শীর্ষক আলোচনা। এ বিষয়ে বক্তব্য রাখেন বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজের সহযোগী অধ্যাপক ভক্তিপদ দোলুই। তাঁর বক্তব্যে পশ্চিমবঙ্গের সমৃদ্ধ ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সমাজ-রাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানের সূচনায় অধ্যাপিকা বর্ণালী বন্দ্যোপাধ্যায় এবং অধ্যাপিকা মধুমিতা আড্য যৌথভাবে জাতীয় সঙ্গীত ‘বন্দেমাতরম’ পরিবেশন করেন, যা উপস্থিত সকলের মধ্যে দেশপ্রেম ও গর্বের আবহ সৃষ্টি করে।এদিন "আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, আমাদের জেলা পশ্চিম মেদিনীপুর" বিষয়ক এক আকর্ষণীয় প্রশ্নোত্তর প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
মহাবিদ্যালয়ের আটটি বিভাগ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার প্রশ্ন প্রণয়ন ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন অধ্যাপক সুমন কল্যাণ খাঁড়া। স্কোরার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক সুপেন সরকার এবং অধ্যাপক শিবুরাম পাইরা।সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন অধ্যাপক আশীষ ভট্টাচার্য। কলেজের অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের এই অনুষ্ঠান প্রাণবন্ত, শিক্ষামূলক এবং স্মরণীয় হয়ে ওঠে।