ঐতিহ্য, সংস্কৃতি ও শিক্ষার বার্তা নিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সাড়ম্বরে পালিত পশ্চিমবঙ্গ দিবস!
নিজস্ব সংবাদদাতা : শনিবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও উৎসাহের সঙ্গে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নানা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা হয় পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ ছাতিমের চারা গাছে জল প্রদান এবং মহাপুরুষ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান কর্মসূচির মাধ্যমে। এর মধ্য দিয়ে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও মনীষীদের অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। তাঁর বক্তব্যে তিনি পশ্চিমবঙ্গের সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার, শিক্ষার প্রসার এবং সমাজ গঠনে শিক্ষার অপরিহার্য ভূমিকার ওপর আলোকপাত করেন।
তিনি শিক্ষার্থীদের জ্ঞানচর্চার পাশাপাশি মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানের বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও কবি ড. মধুপ দে। তিনি পশ্চিমবঙ্গের ইতিহাস, বিকাশের বিভিন্ন ধাপ, বাঙালির সাংস্কৃতিক ধারাবাহিকতা এবং দক্ষিণ-পশ্চিম বাংলার প্রাচীন ঐতিহ্য নিয়ে বিশদ আলোচনা করেন। তাঁর বক্তব্য উপস্থিত শ্রোতাদের মধ্যে বিশেষ আগ্রহের সৃষ্টি করে।এছাড়াও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক পরেশচন্দ্র জানা, রেজিস্ট্রার ড. জয়ন্ত কিশোর নন্দী এবং এনএসএস কর্মসূচির সমন্বয়কারী অধ্যাপক দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। তাঁরা পশ্চিমবঙ্গের ঐতিহ্য, সংস্কৃতি ও শিক্ষার উৎকর্ষ রক্ষায় তরুণ প্রজন্মকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আয়োজিত কুইজ ও পোস্টার অঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ছাত্রছাত্রী, এনএসএস স্বেচ্ছাসেবী, শিক্ষক, আধিকারিক এবং কর্মচারীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।জাতীয় গান ‘বন্দে মাতরম্’ এবং জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর সম্মিলিত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সমগ্র অনুষ্ঠানটি বাংলার ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনাকে আরও দৃঢ়ভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।