ফল ঘোষণার আগে মেদিনীপুরে বিজেপির কড়া প্রস্তুতি, কাউন্টিং এজেন্টদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক!

অভিজিৎ সাহা : ভোটগণনার আগে সংগঠনকে আরও মজবুত করতে জেলায় জেলায় তৎপরতা বাড়াচ্ছে বিজেপি। সেই ধারাবাহিকতায় শনিবার মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হলো কাউন্টিং এজেন্টদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক।বৈঠকের মূল উদ্দেশ্য ছিল গণনা কেন্দ্রকে ঘিরে দলের করণীয় নির্ধারণ এবং কাউন্টিং এজেন্টদের জন্য নির্দিষ্ট নির্দেশিকা তৈরি করা। দলীয় সূত্রে জানা গিয়েছে, ভোটগণনার দিন প্রতিটি টেবিলে এজেন্টদের উপস্থিতি নিশ্চিত করা, ইভিএম ও ভিভিপ্যাট যাচাইয়ের পদ্ধতি এবং সন্দেহজনক পরিস্থিতিতে দ্রুত কীভাবে পদক্ষেপ নিতে হবে—এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং দলের অন্যতম শীর্ষ নেতা শমীক ভট্টাচার্য,দিলীপ ঘোষ প্রমুখ।

নেতৃত্বের পক্ষ থেকে কাউন্টিং এজেন্টদের স্পষ্ট বার্তা দেওয়া হয়—আইন মেনে শান্তিপূর্ণভাবে গণনা প্রক্রিয়ায় নজরদারি রাখতে হবে এবং কোনও অনিয়ম চোখে পড়লে তা সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।দলীয় নেতৃত্ব আরও জোর দিয়ে জানায়, গণনার দিন যাতে কোনও বিভ্রান্তি বা বিশৃঙ্খলা তৈরি না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এজেন্টদের প্রশিক্ষণ ও সচেতনতার উপরই অনেকাংশে নির্ভর করছে সুষ্ঠু গণনা—এমনটাই মত নেতৃত্বের।রাজনৈতিক মহলের মতে, ফল ঘোষণার আগে এই ধরনের প্রস্তুতি বৈঠক স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে প্রতিটি দলই শেষ মুহূর্তে নিজেদের সংগঠনকে আরও শক্তিশালী করতে চাইছে। সম্ভাব্য হাড্ডাহাড্ডি লড়াইয়ের আবহে গণনা কেন্দ্রকে ঘিরে প্রস্তুতিই এখন প্রধান অগ্রাধিকার।৪ মে ভোটগণনাকে সামনে রেখে রাজ্য রাজনীতির উত্তাপ ক্রমেই বাড়ছে। সেই প্রেক্ষাপটে মেদিনীপুরের এই বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।