বিজ্ঞানচেতনা ও যুক্তিবাদী মনন গড়ার বার্তা, মেদিনীপুরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা :বিজ্ঞানচেতনা, যুক্তিবাদী মনন ও সৃজনশীলতার প্রসারে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হলো জেলাস্তরীয় বিজ্ঞান বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা। নির্মল হৃদয় আশ্রম হাইস্কুলে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী। জেলার ১৯টি বিজ্ঞান কেন্দ্রে প্রতিযোগিতার প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়েছিল। সেখান থেকে সফল ৬৩৬ জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয় জেলা স্তরের মূল প্রতিযোগিতা।সৌরভ চক্রবর্তী জানান, সংগঠনের ৪০ বর্ষ উদযাপন উপলক্ষে রাজ্যের ২৩টি জেলার মধ্যে ২২টি জেলায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি জেলার সফল প্রতিযোগীদের নিয়ে আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর কলকাতার রাজাবাজার সায়েন্স কলেজে রাজ্যস্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বিজ্ঞানচেতনা ও যুক্তিবাদী মনন গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন বক্তারা। পাশাপাশি নেপালের হড়পা বান, পরিবেশ সমস্যা, শহুরে তাপদ্বীপ এবং গ্রিনহাউস প্রভাবের মতো সমসাময়িক বিষয় নিয়েও আলোচনা হয়। যুক্তিবাদী চিন্তা ও বিজ্ঞানমনস্কতা প্রসারে সমাজকর্মী ও চিকিৎসক নরেন্দ্র অচ্যুত দাভোলকারের অবদানের কথাও স্মরণ করা হয়।প্রতিযোগিতা শুরুর আগে সংগঠনের পতাকা উত্তোলন করেন জেলা সভানেত্রী ড. সুজাতা মাইতি। স্বাগত বক্তব্য রাখেন জেলা সম্পাদক ড. সুধাপদ বসু।জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের নিয়ে ১২টি বিষয়ে ২৩টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিচারকের দায়িত্বে ছিলেন ৫০ জন বিশিষ্ট ব্যক্তি। তাঁদের মধ্যে সঙ্গীতজ্ঞ জয়ন্ত সাহা, আলোকবরণ মাইতি, বিশিষ্ট সাংবাদিক ও প্রাক্তন অধ্যাপক কুমারেশ ঘোষ-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রতিটি বিভাগে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।অনুষ্ঠান সফল করতে সংগঠনের জেলা নেতৃত্ব, বিভিন্ন বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক ও সদস্যরা সক্রিয়ভাবে সহযোগিতা করেন। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে সকল প্রতিযোগী, বিচারক, সংগঠক ও সহযোগীদের অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি অনুষ্ঠান আয়োজনে সহযোগিতার জন্য নির্মল হৃদয় আশ্রম হাইস্কুল কর্তৃপক্ষকেও কৃতজ্ঞতা জানানো হয়।