পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে সরকারি চাকরির প্রস্তুতিতে নতুন দিশা, রামজীবনপুর ফাঁড়িতে বিনামূল্যে কোচিংয়ের সুযোগ
সুমন মণ্ডল: প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্র-ছাত্রী ও চাকরিপ্রার্থীদের স্বপ্নপূরণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। জেলা পুলিশের উদ্যোগে এবং চন্দ্রকোনা থানার রামজীবনপুর ফাঁড়ির সহযোগিতায় রামজীবনপুর ফাঁড়ি প্রাঙ্গণে সফলভাবে পরিচালিত হচ্ছে ‘প্রচেষ্টা’ নামে একটি অবৈতনিক কোচিং সেন্টার। এই কোচিং সেন্টারে বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে পরীক্ষার্থীদের নিয়মিত পাঠদান, অনুশীলন ও পরীক্ষামুখী প্রস্তুতির ব্যবস্থা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।এই সুযোগের কথা আরও বেশি সংখ্যক ছাত্র-ছাত্রী ও চাকরিপ্রার্থীদের কাছে পৌঁছে দিতে শনিবার রামজীবনপুর এলাকার বিভিন্ন প্রান্তে মাইকিং করে প্রচার চালানো হয়। এলাকার সাধারণ মানুষ ও পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ‘প্রচেষ্টা’ কোচিং সেন্টারে যোগদান করে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ গ্রহণের আহ্বান জানানো হয়। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের এই উদ্যোগকে এলাকার শিক্ষার্থী ও অভিভাবক মহল ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। তাঁদের মতে, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা বহু মেধাবী ছাত্র-ছাত্রীর জন্য এই অবৈতনিক কোচিং সেন্টার ভবিষ্যতে সরকারি চাকরির প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।