কবে কাটবে দুর্ভোগ? দুই দশক ধরে খানাখন্দে ভরা রাস্তা, ক্ষোভে জয়রামবাটীর মানুষ
Biplabi Sambad Darpan -
প্রেমচাঁদ ফৌজদার: বছরের পর বছর পেরিয়ে গেলেও রাস্তার হাল ফেরেনি। কোথাও বড় বড় গর্ত, কোথাও আবার খানাখন্দে ভরা রাস্তা—এভাবেই দীর্ঘদিন ধরে যাতায়াত করতে হচ্ছে বাঁকুড়া জেলার জয়রামবাটী ও শিহর এলাকার বাসিন্দাদের। অভিযোগ, গত প্রায় ২০ বছর ধরে একাধিক গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ফলে প্রতিদিনই চরম দুর্ভোগের মুখে পড়ছেন সাধারণ মানুষ।স্থানীয়দের দাবি, জিভটা-বালা দ্বীপ রোডের প্রায় ৫ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। পাশাপাশি জিভটা প্রাথমিক বিদ্যালয়ের দিকে যাওয়ার প্রায় ২ কিলোমিটার গ্রামীণ রাস্তারও একই অবস্থা। অন্যদিকে জয়রামবাটী মিশন স্কুল ও শিহর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দিকে যাওয়ার প্রায় ৩ কিলোমিটার রাস্তা খানাখন্দ ও বড় বড় গর্তে ভরে গিয়েছে।এই রাস্তা দিয়েই প্রতিদিন স্কুল পড়ুয়া, রোগী, সাধারণ পথচারী ও বিভিন্ন যানবাহন চলাচল করে। রাস্তার গর্তে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে বলেও অভিযোগ স্থানীয়দের। বিশেষ করে কোথাও কোথাও গর্ত এতটাই গভীর যে বর্ষার সময় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে।
এ বিষয়ে কোতুলপুর মণ্ডল-২-এর সভাপতি শুভঙ্কর পণ্ডিত, সংখ্যালঘু মোর্চার সভাপতি আসাদুল মল্লিক এবং বিজেপি কর্মী সঞ্জয় মণ্ডল ও মানস ঘোষ সংবাদমাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, সিপিএম আমল থেকেই এলাকার একাধিক রাস্তার অবস্থা খারাপ। পরবর্তীকালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরও বারবার প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। এমনকি রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধও করা হয়েছে। কিন্তু তাতেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি।স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, রাজনৈতিক পালাবদলের পর এবার রাজ্যের বিজেপি সরকারের কাছেও এলাকার এই বেহাল রাস্তাগুলি দ্রুত সংস্কারের আবেদন জানানো হয়েছে। তাঁদের বক্তব্য, সাধারণ মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখে দ্রুত রাস্তা পরিদর্শন করে সংস্কারের ব্যবস্থা করা প্রয়োজন।বাসিন্দাদের একাংশের প্রশ্ন, দুই দশক ধরে যদি মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তাগুলির এই অবস্থা হয়ে থাকে, তাহলে কবে মিলবে স্থায়ী সমাধান? প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন এলাকার মানুষ।