একটি পেনাল্টিই বদলে দিল ম্যাচ! ব্রাজিলের বিদায়ের পর কোচের ব্যাখ্যা!

নিজস্ব সংবাদদাতা : বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। তবে ম্যাচের ফলের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি সিদ্ধান্ত—দলের সর্বোচ্চ গোলদাতা ভিনিসিয়াস জুনিয়র মাঠে থাকা সত্ত্বেও কেন পেনাল্টি নিতে পাঠানো হয়েছিল ব্রুনো গিমারায়েসকে? ম্যাচের শুরুতেই ডি-বক্সে মাতেউস কুনহা ফাউলের শিকার হলে ব্রাজিলের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। প্রথমে মনে হয়েছিল ভিনিসিয়াসই শট নেবেন।

তিনি বল হাতে নিয়ে পেনাল্টি স্পটেও দাঁড়িয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে বলটি তুলে দেন ব্রুনো গিমারায়েসের হাতে। ব্রুনো ধীরস্থিরভাবে রান-আপ নিয়ে শট নিলেও নরওয়ের গোলরক্ষক অরইয়ান নাইল্যান্ড দুর্দান্ত সেভ করে ব্রাজিলকে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করে দেন। পরে সেই মিসই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বলে মনে করছেন অনেকেই।ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের মুখে পড়েন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানান, পেনাল্টি নেওয়ার ক্রম আগে থেকেই নির্ধারিত ছিল। আনচেলত্তি বলেন, "আমাদের প্রথম পছন্দ নেইমার, দ্বিতীয় রাফিনিয়া এবং তৃতীয় ব্রুনো গিমারায়েস। যেহেতু নেইমার ও রাফিনিয়া মাঠে ছিল না, তাই ব্রুনোকেই দায়িত্ব দেওয়া হয়। ফুটবলে পেনাল্টি মিস হতেই পারে। অনুশীলনে ব্রুনো নিয়মিত সফল হয়েছে এবং ওর আত্মবিশ্বাসও ছিল। কখনও গোল হয়, কখনও গোলরক্ষক অসাধারণ সেভ করে।"

ভিনিসিয়াসও স্পষ্ট করে জানান, এটি সম্পূর্ণ কোচের সিদ্ধান্ত ছিল। তিনি বলেন, "পেনাল্টি কে নেবে, সেটা কোচ আগেই ঠিক করে দেন। আমি কখনও ব্যক্তিগত গোল বা গোল্ডেন বুট নিয়ে ভাবি না। আমি সবসময় দলের জন্য খেলি। কোচ মনে করেছেন ওই মুহূর্তে ব্রুনোই সেরা বিকল্প, তাই তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে।"

তিনি আরও বলেন, "অনেকে ভাবতে পারেন আমি দায়িত্ব নিতে চাইনি। বিষয়টি মোটেই তা নয়। রিয়াল মাদ্রিদেও কোচ যখন আমাকে দায়িত্ব দেন, আমি পেনাল্টি নিই। দল যদি আমাকে বলত, আমিও সম্পূর্ণ প্রস্তুত ছিলাম।"নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় আনচেলত্তি জানান, গত এক বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করেই পেনাল্টি নেওয়ার তালিকা তৈরি করা হয়েছিল। তাঁর কথায়, "আমাদের সেরা পেনাল্টি টেকারদের তালিকায় ছিলেন নেইমার, ইগর থিয়াগো, রাফিনিয়া এবং তারপর ব্রুনো গিমারায়েস। ম্যাচের সময় প্রথম তিনজন মাঠে না থাকায় ব্রুনোকেই বেছে নেওয়া হয়।"তবে ব্রুনোর পেনাল্টি মিস এবং পরবর্তীতে ব্রাজিলের বিদায়ের পর এই সিদ্ধান্ত ঘিরে বিতর্ক আরও তীব্র হয়েছে। অনেকের প্রশ্ন, দুরন্ত ফর্মে থাকা ভিনিসিয়াসকে দায়িত্ব দিলে ম্যাচের ফল কি অন্যরকম হতে পারত?