কেন ৯০ মিনিট হাত উঁচু করে দাঁড়িয়ে থাকেন কঙ্গোর এই সমর্থক?
নিজস্ব সংবাদদাতা : কঙ্গো ফুটবল দলের অন্যতম পরিচিত সুপারফ্যান "মিশেল কুকা ওম্বেলাডিঙ্গা", যিনি সমর্থকদের কাছে ‘লুবুম্বা ভেয়া’ নামে পরিচিত। কঙ্গোর পতাকার রঙে সাজানো পোশাক, চোখে চশমা এবং ডান হাত অভিবাদনের ভঙ্গিতে উঁচু করে তিনি গোটা ম্যাচে প্রায় ৯০ মিনিট এক জায়গায় স্থির দাঁড়িয়ে থাকেন। তাঁর এই ভঙ্গি শুধু ফুটবলের প্রতি ভালোবাসা নয়, কঙ্গোর স্বাধীনতার ইতিহাসেরও প্রতীক। ‘লুবুম্বা ভেয়া’র অর্থ—লুবুম্বা এখনও বেঁচে আছেন। স্বাধীন কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী প্যাট্রিক লুবুম্বার আদর্শ, আত্মমর্যাদা ও লড়াইয়ের স্মৃতিকেই গ্যালারিতে তুলে ধরেন মিশেল। ২০১৩ সাল থেকে কঙ্গোর ম্যাচে নিয়মিত দেখা গেলেও ২০২৫ সালের আফ্রিকান কাপ অফ নেশন্সে তাঁর সমর্থনের ধরন বিশ্বজুড়ে আলোচনায় আসে। ম্যাচের দিন একটানা ৯০ মিনিট একই ভঙ্গিতে দাঁড়িয়ে থাকার জন্য তিনি প্রতিদিন প্রায় ৪০ মিনিট অনুশীলন করেন। মিশেলের নীরব বার্তা একটাই—কঙ্গো দল মাঠে লড়াই করুক, দেশের মানুষ তাদের পাশে রয়েছে। তাই তিনি শুধু একজন সমর্থক নন, কঙ্গোর আবেগ ও ইতিহাসের জীবন্ত প্রতীক।