খড়গপুর আই আই টি মাঠে ক্রিকেট প্রতিযোগিতা - স্মৃতির মঞ্চে ব্যাট-বলের লড়াই, মহিলা ক্রিকেটে উচ্ছ্বাস!
অরিন্দম চক্রবর্তী : স্বর্গীয় ভোলানাথ কুন্ডু, বাণী কানুনগো ও দিপালী সেনগুপ্তর স্মৃতিকে সম্মান জানিয়ে ২৩ ও ২৫ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হল এক বিশেষ মহিলা ক্রিকেট টুর্নামেন্ট। দু’দিনের এই প্রতিযোগিতায় অংশ নেয় মোট ছ’টি দল—ঝাড়গ্রাম ওমেন্স ক্রিকেট একাডেমি, মেদিনীপুর ওমেন্স ইলেভেন, বাডিং ওমেন্স ক্রিকেট ক্লাব, চন্দননগর ওমেন্স ক্রিকেট ক্যাম্প, কল্যাণী ওমেন্স ক্রিকেট ক্যাম্প এবং খড়্গপুর ওমেন্স ক্রিকেট একাডেমি।
২৫ ফেব্রুয়ারি, বুধবার ফাইনাল ম্যাচে জমে ওঠে টানটান উত্তেজনা। মুখোমুখি হয় মেদিনীপুর ওমেন্স ইলেভেন ও বাডিং ওমেন্স ক্রিকেট ক্লাব। কুড়ি ওভারের হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়নের মুকুট ওঠে বাডিং ওমেন্স ক্রিকেট ক্লাবের মাথায়। জয়ী দলকে ট্রফির পাশাপাশি নগদ আর্থিক পুরস্কারও তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইটি খড়গপুর-এর ফিজিক্যাল ইন্সট্রাক্টর সঞ্জীব পান্ডে, সাম্য কর, আইআইটির সিকিউরিটি ইনচার্জ সার ভাঞ্জা এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল-এর এপেক্স কমিটির সদস্য অর্ধেন্দু ঘোষ।
এছাড়াও উপস্থিত ছিলেন খেলোয়াড় রিনা বেরা, আলপনা মণ্ডল হাজরা ও রিমা মাহাতো।প্রতিযোগিতায় প্রাথমিক চিকিৎসার দায়িত্ব সামলান সেন্ট জনস অ্যাম্বুলেন্স-এর প্রতিনিধিরা। আয়োজকদের মধ্যে অমিতেশ কুন্ডু, নিলয় বেরা, বিভু কানুনগো ও শ্যামল সেনগুপ্ত জানান, মহিলাদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রতিভাবান খেলোয়াড়দের সামনে তুলে ধরাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। তাঁদের কথায়, “মহিলা ক্রিকেটের বিকাশে এ ধরনের উদ্যোগ আগামী দিনে আরও বড় পরিসরে করা হবে।”