অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে উচ্ছ্বাস,ইন্দাসে বিজেপির মিছিলে মহিলাদের ঢল

প্রেমচাঁদ ফৌজদার: অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার আনন্দে বাঁকুড়ার ইন্দাসে বিজেপির উদ্যোগে বের হল বিশাল মহিলা মিছিল। সোমবার ইন্দাস বাজারের বিজেপি পার্টি অফিস থেকে শুরু হওয়া এই মিছিলে আনুমানিক ৫ হাজার মহিলা অংশগ্রহণ করেন বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। প্রায় ৪ কিলোমিটার পথ পায়ে হেঁটে সুপার মার্কেট হয়ে মিছিলটি এগিয়ে যায়।মিছিলকে ঘিরে এদিন ইন্দাসে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বৃষ্টিকে উপেক্ষা করেই বহু মহিলা মিছিলে অংশ নেন। মিছিলের সামনের সারিতে ছিলেন মণ্ডল-১ সভাপতি উত্তম সরকার, সাধারণ সম্পাদক দশরথ মল্লিক, উজ্জ্বল ঘোষ, বিজেপির সক্রিয় কর্মী সুকান্ত বিশ্বাস এবং জেলা কমিটির সদস্য গৌতম বেরা।এছাড়াও মহিলা মোর্চার সভানেত্রী পূর্ণিমা ভৌমিক এবং দুই সাধারণ সম্পাদিকা সমাপ্তি দাস ও রিংকু দিগার-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা মিছিলে অংশ নেন।মহিলা মোর্চার সভানেত্রী পূর্ণিমা ভৌমিক বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনায় মাসে ৩ হাজার টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছিল। তাঁর দাবি, ইতিমধ্যেই গ্রামাঞ্চলের অধিকাংশ মহিলা প্রকল্পের টাকা পেয়ে গিয়েছেন। তবে এখনও কিছু মহিলা টাকা পাননি। তাঁদেরও আগামী ১৭ তারিখের মধ্যে টাকা পাওয়ার ব্যবস্থা হবে বলে দাবি করেন তিনি।পূর্ণিমার কথায়, “যাঁরা টাকা পেয়েছেন, তাঁদের আনন্দের বহিঃপ্রকাশ হিসেবেই এই মিছিল।” তাঁর দাবি, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়িত হওয়ায় মহিলাদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।অন্যদিকে মণ্ডল-১ সভাপতি উত্তম সরকার বলেন, বৃষ্টির মধ্যেও যাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন, তাঁরা স্বতঃস্ফূর্তভাবে মিছিলে যোগ দিয়েছেন। তাঁর দাবি, পরপর তিনবার টাকা পাওয়া মহিলাদের অনেকেই এদিন মিছিলে সামিল হন। তবে যাঁরা এখনও টাকা পাননি, তাঁদের বিষয়টিও সরকার গুরুত্ব দিয়ে দেখছে বলে জানান তিনি।