চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে চালু মহিলা হেল্প ডেস্ক, নারী সুরক্ষায় নতুন উদ্যোগ!

অভিজিৎ সাহা: নারী সুরক্ষা ও আইনি সহায়তা আরও সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো একটি অত্যাধুনিক মহিলা হেল্প ডেস্ক (Women's Help Desk)। পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই হেল্প ডেস্কে ২৪ ঘণ্টা মহিলা পুলিশ কর্মীরা দায়িত্বে থাকবেন। এলাকার কোনো মহিলা যদি গার্হস্থ্য হিংসা, শারীরিক বা মানসিক হেনস্থা, সাইবার অপরাধ কিংবা অন্য কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে তিনি সরাসরি এই ডেস্কে এসে নিজের অভিযোগ জানাতে পারবেন এবং প্রয়োজনীয় আইনি সহায়তা পাবেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক ক্ষেত্রেই মহিলারা মূল থানায় গিয়ে অভিযোগ জানাতে সংকোচ বোধ করেন। সেই সমস্যা দূর করতেই স্থানীয় স্তরে এই বিশেষ হেল্প ডেস্ক চালু করা হয়েছে। এর ফলে অভিযোগ দায়েরের প্রক্রিয়া আরও সহজ হবে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে বলে প্রশাসনের আশা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত এক পুলিশ আধিকারিক বলেন, "নারী নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। এই মহিলা হেল্প ডেস্কের মাধ্যমে মহিলারা আরও সহজে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি অপরাধ সংক্রান্ত অভিযোগের দ্রুত তদন্ত এবং গ্রামীণ এলাকার নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।" প্রশাসনের এই মানবিক ও সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, নারী সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে এই হেল্প ডেস্ক একটি কার্যকর ভূমিকা পালন করবে।