বিশ্বকাপ ফাইনাল এবার বড় পর্দায়! রাজ্য সরকারের উদ্যোগে প্রতিটি জেলায় জায়ান্ট স্ক্রিনে সরাসরি ম্যাচ দেখার ব্যবস্থা

নিজস্ব সংবাদদাতা : ফুটবল বিশ্বকাপের মহারণ এখন চরম উত্তেজনায়। ফাইনাল ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সেই উন্মাদনাকে আরও এক ধাপ বাড়িয়ে সাধারণ মানুষের জন্য অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার। এবার ঘরের ছোট টিভির পর্দায় নয়, বরং প্রতিটি জেলার গুরুত্বপূর্ণ এলাকায় জায়ান্ট স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে বিশ্বকাপ ফাইনাল। রাজ্যের ক্রীড়া দফতরের উদ্যোগে এই বিশেষ আয়োজনের জন্য প্রতিটি জেলাকে ১ লক্ষ টাকা করে আর্থিক অনুদান বরাদ্দ করা হয়েছে। এই অর্থে জেলার জনবহুল বা গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দা বসিয়ে সাধারণ মানুষের একসঙ্গে বসে বিশ্বকাপ ফাইনাল উপভোগের ব্যবস্থা করা হবে। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই পুরো কর্মসূচির বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলার জেলাশাসক (DM)-দের। কোথায় জায়ান্ট স্ক্রিন বসানো হবে, দর্শকদের বসার ব্যবস্থা, নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ এবং সামগ্রিক ব্যবস্থাপনা—সবকিছুই জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সম্পন্ন হবে। রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে শহরের পাশাপাশি প্রত্যন্ত গ্রামের ফুটবলপ্রেমীরাও বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ বড় পর্দায় উপভোগ করার সুযোগ পাবেন। পাড়া, ক্লাব কিংবা খোলা মাঠে একসঙ্গে বসে হাজারো মানুষের সঙ্গে বিশ্বকাপ ফাইনাল দেখার অভিজ্ঞতা নিঃসন্দেহে উৎসবের আবহ তৈরি করবে।ফুটবলপ্রেমীদের মতে, এমন উদ্যোগ শুধু খেলা দেখার সুযোগই বাড়াবে না, বরং সামাজিক সম্প্রীতি ও উৎসবের আবহকেও আরও জোরদার করবে। বিশেষ করে যাঁদের বাড়িতে বড় পর্দার টিভি বা পর্যাপ্ত ব্যবস্থা নেই, তাঁদের জন্য এটি বড় উপহার।