ম্যানগ্রোভ রক্ষায় সচেতনতার ডাক, বিশ্ব ম্যানগ্রোভ দিবস পালিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে!
নিজস্ব সংবাদদাতা : বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের উদ্যোগে সোমবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রাজ নারায়ণ বসু সভাকক্ষে যথাযোগ্য মর্যাদায় পালিত হল বিশ্ব ম্যানগ্রোভ দিবস–২০২৬। পরিবেশ সংরক্ষণ, উপকূলীয় বাস্তুতন্ত্র রক্ষা এবং ম্যানগ্রোভের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর।
উপস্থিত ছিলেন কলা ও বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক অরিন্দম গুপ্ত এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক পরেশচন্দ্র জানা-সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা।উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রের পরিবেশগত গুরুত্ব, উপকূলীয় অঞ্চলকে প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষিত রাখতে এর ভূমিকা এবং ব্লু কার্বন (Blue Carbon) সংরক্ষণে ম্যানগ্রোভের অপরিসীম অবদানের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি পরিবেশ রক্ষায় ম্যানগ্রোভ সংরক্ষণে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।অনুষ্ঠানের প্রধান বক্তা অধ্যাপক পুনর্বসু চৌধুরী তাঁর বক্তব্যে স্থানীয় মানুষের জীবন-জীবিকা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উপকূলীয় অর্থনীতিতে ম্যানগ্রোভ অরণ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।
তথ্যসমৃদ্ধ ও প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে তিনি উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের কাছে ম্যানগ্রোভ সংরক্ষণের প্রয়োজনীয়তা স্পষ্টভাবে তুলে ধরেন।আয়োজকদের মতে, বিশ্ব ম্যানগ্রোভ দিবস উপলক্ষে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে আগামী প্রজন্মকে আরও দায়িত্বশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।