বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালন চন্দ্রকোনায়

সুমন মণ্ডল:বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় শ্রদ্ধা, স্মরণ ও সাংস্কৃতিক আবহে পালিত হলো এক বিশেষ অনুষ্ঠান। চন্দ্রকোনা স্বামী বিবেকানন্দ সেবা সংঘের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুই-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবী ও সংস্কৃতিপ্রেমীরা।অনুষ্ঠানের সূচনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিধায়ক সুকান্ত দোলুই। পরে তিনি তাঁর বক্তব্যে রবীন্দ্রনাথের জীবনদর্শন, মানবতাবাদী চিন্তাভাবনা এবং সাহিত্যকীর্তির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সমাজে রবীন্দ্রনাথের আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে এগিয়ে চলাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধার্ঘ্য।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বামী বিবেকানন্দ সেবা সংঘের সভাপতি তথা আইনজীবী সমীর কুমার ঘোষ বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর অসামান্য সাহিত্য, সংগীত, দর্শন ও সৃষ্টিশীলতার মাধ্যমে ভারতকে বিশ্বদরবারে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। তাঁর চিন্তা, আদর্শ ও সৃষ্টিকর্ম আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং আগামী প্রজন্মের কাছে প্রেরণার উৎস হয়ে থাকবে।অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সংগঠনের সদস্যরা বিশ্বকবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি রবীন্দ্রনাথের সাহিত্য, সংস্কৃতি ও মানবিক আদর্শ নতুন প্রজন্মের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করা হয়।চন্দ্রকোনায় বিশ্বকবির ৮৫তম প্রয়াণ দিবসের এই আয়োজন শ্রদ্ধা, সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য মিলনক্ষেত্রে পরিণত হয়।