‘সবাই যেমন, তুমিও তেমন’— মেয়েকে নম্রতার পাঠ দিলেন ঋদ্ধিমান সাহা,গিলের সঙ্গে দেখা?

নিজস্ব সংবাদদাতা : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার Wriddhiman Saha-র পরিবারে ঘটে যাওয়া এক হৃদয়ছোঁয়া মুহূর্ত। মেয়ে অনভির আবদার ছিল একটাই— ভারতীয় তারকা ব্যাটার Shubman Gill-এর সঙ্গে একবার দেখা করতে চায় সে। কিন্তু সেই আবদারের জবাবে ঋদ্ধিমান যা বললেন, তা এখন নেটদুনিয়ায় প্রশংসার ঝড় তুলেছে। ঋদ্ধিমানের স্ত্রী রোমি মিত্রের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ছোট্ট অনভি বারবার বাবাকে বলছে, “গিলের সঙ্গে দেখা করাও।” কারণ, একসময় আইপিএলে গুজরাট টাইটান্সে একসঙ্গে খেলেছেন ঋদ্ধিমান ও গিল। সেই পুরনো সম্পর্কের সূত্রেই হয়তো মেয়ের বিশ্বাস ছিল, দেখা করানো খুব সহজ। কিন্তু এখানেই সামনে আসে ঋদ্ধিমান সাহার ব্যক্তিত্বের অন্য এক দিক। মেয়েকে তিনি সোজাসাপ্টা বলেন,
“দেখা করতে চাইলে অন্য সবার মতো তোমাকেও লাইনে দাঁড়াতে হবে। আলাদা কোনও সুবিধা নয়।”

পরিবারের সাথে তারকা খেলোয়াড় ঋদ্ধিমান সাহা

মেয়ের পাল্টা উত্তর ছিল আরও মিষ্টি— “তুমি তো একসময় তারকা ছিলে, তোমরা তো একই ড্রেসিংরুমে ছিলে!” ঋদ্ধিমানের উত্তর আরও গভীর: “সেটা অতীত। এখন সবাই সমান।” এই ছোট্ট কথোপকথনই এখন ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিয়েছে। অনেকেই বলছেন, পরিচয়ের জোরে সুবিধা নেওয়ার সংস্কৃতির সময়ে নিজের মেয়েকেও ব্যতিক্রম না করা সত্যিই বড় শিক্ষা। তারকা হয়েও তিনি বুঝিয়ে দিলেন— নিয়মের ঊর্ধ্বে কেউ নয়।আজকের প্রজন্মকে নম্রতা, শৃঙ্খলা এবং সমতার শিক্ষা দেওয়ার এর চেয়ে সুন্দর উদাহরণ খুব কমই পাওয়া যায়। মাঠে যেমন নির্ভরযোগ্য, মাঠের বাইরেও তেমনই মাটির মানুষ ঋদ্ধিমান সাহা। তাঁর এই এক কথাই আবার মনে করিয়ে দিল— আসল বড়ত্ব পরিচয়ে নয়, আচরণে।