বিতর্ক-চোট-চাপ পেরিয়ে নাগোয়ায় রুপো, টানা তিন এশিয়ান গেমসে পদক রোশিবিনার!

নিজস্ব সংবাদদাতা: টানা তিনটি এশিয়ান গেমসে পদক জিতে বিরল নজির গড়লেন মণিপুরের রোশিবিনা দেবী নাওরেম। তবে নাগোয়ায় ম্যাটে নামার আগে তাঁর পথ মোটেও মসৃণ ছিল না। দল নির্বাচন ঘিরে সতীর্থ দিব্যাংশী চৌধুরীর মানসিক নির্যাতন ও ‘চক্রান্ত’-এর অভিযোগের মধ্যেই প্রতিযোগিতায় নামতে হয়েছিল তাঁকে। বৃহস্পতিবার ৬০ কেজি সান্দা বিভাগে রুপো নিশ্চিত করার পর সেই বিতর্ক নিয়েই মুখ খুললেন রোশিবিনা।বিতর্কের সূত্রপাত গত জুনে শ্রীনগরে অনুষ্ঠিত জাতীয় ট্রায়ালকে ঘিরে। সেই ট্রায়ালে রোশিবিনাকে হারিয়ে এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করেছিলেন দিব্যাংশী।

কিন্তু অগস্টের শেষ সপ্তাহে হাঁটুর চোটে আক্রান্ত হন তিনি। ফেডারেশনের মেডিক্যাল পরীক্ষায় তাঁর হাঁটুতে হাই-গ্রেড ACL টিয়ার ধরা পড়ে। চিকিৎসকদের রিপোর্ট অনুযায়ী, প্রতিযোগিতায় নামার মতো অবস্থায় ছিলেন না দিব্যাংশী। এরপরই রোশিবিনাকে দলে অন্তর্ভুক্ত করা হয়।এই সিদ্ধান্তের পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে বিস্ফোরক অভিযোগ তোলেন দিব্যাংশী। তাঁর দাবি ছিল, রোশিবিনার ‘চক্রান্তের’ কারণেই তিনি দল থেকে ছিটকে গিয়েছেন এবং জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে ও তাঁর পরিবারকে মানসিকভাবে হেনস্থা করা হয়েছে।বৃহস্পতিবার ফাইনালে ০-২ ফলে হারের পর সেই অভিযোগ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেন রোশিবিনা।

তিনি জানান, দল নির্বাচনের সিদ্ধান্ত তাঁর হাতে ছিল না। রোশিবিনার কথায়, যা ঘটেছে তার জন্য তিনি দায়ী নন এবং সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে ফেডারেশনের। উশু অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সিদ্ধান্তকে তিনি সঠিক বলেও উল্লেখ করেন। একই সঙ্গে বিতর্কে না জড়িয়ে নিজের লক্ষ্যেই মনোযোগ দেওয়ার কথা জানান তিনি।এ দিন ফাইনালে রোশিবিনার ডান হাঁটুতে ভারী স্ট্র্যাপিং ও টেপ বাঁধা ছিল।

বাউট চলাকালীন নাকেও আঘাত পান তিনি। তবে চোট-আঘাতকে কোনওভাবেই লড়াইয়ের পথে বাধা হতে দেননি এই ভারতীয় উশু তারকা।শারীরিক যন্ত্রণা প্রসঙ্গে রোশিবিনা বলেন, সেমিফাইনালের পর থেকেই হাঁটুতে টান অনুভব করছিলেন। লড়াইয়ের সময় কোথায় চোট লেগেছে, তা পর্যন্ত খেয়াল করেননি। তাঁর কথায়, রিংয়ে নামার পর লড়াইয়ের মধ্যেই সব ব্যথা ভুলে যান তিনি।