যোগের সঙ্গে ‘স্বচ্ছ জেলার’ শপথ, মেদিনীপুর কলেজ মাঠে আন্তর্জাতিক যোগ দিবসে জনজোয়ার!

সেখ ওয়ারেশ আলী : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকালে মেদিনীপুর শহরের কলেজ মাঠে সাড়ম্বরে পালিত হলো ১২তম আন্তর্জাতিক যোগ দিবস। যোগের মাধ্যমে সুস্থ জীবনযাপন ও মানসিক সুস্থতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক, জেলা পুলিশ সুপার, বিধায়ক-সহ প্রশাসনের একাধিক আধিকারিক এবং বিভিন্ন স্তরের অংশগ্রহণকারীরা। সাধারণ মানুষ, ছাত্রছাত্রী, সরকারি কর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা একযোগে যোগাভ্যাসে অংশ নেন।

এদিন দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে অনুষ্ঠিত কেন্দ্রীয় যোগ দিবস কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে মেদিনীপুরেও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যোগাভ্যাসের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন যোগাসন ও প্রণায়ামের মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতার বার্তা তুলে ধরেন।

শুধু যোগচর্চাই নয়, এদিন একটি বিশেষ সামাজিক উদ্যোগও গ্রহণ করে জেলা প্রশাসন। ‘স্বচ্ছ জেলা, সুন্দর জেলা’ গড়ে তোলার লক্ষ্যে কলেজ মাঠে উপস্থিত সকলকে বিশেষ শপথবাক্য পাঠ করানো হয়। পরিবেশ রক্ষার স্বার্থে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিন বর্জনের আহ্বান জানানো হয় এবং পরিবেশবান্ধব ও পচনশীল সামগ্রী ব্যবহারে উৎসাহিত করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণের বার্তা জেলার সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

যোগ দিবসের এই কর্মসূচির মাধ্যমে সুস্থ জীবনধারা, সামাজিক দায়বদ্ধতা এবং পরিবেশ সচেতনতার এক ইতিবাচক বার্তা তুলে ধরা হয়েছে।জেলা প্রশাসনের আশা, যোগচর্চার পাশাপাশি পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তোলার এই বার্তা সাধারণ মানুষের মধ্যে আরও বেশি সচেতনতা সৃষ্টি করবে।