জাপানে স্বপ্নপূরণের সফর থামল অকালে, মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল আইআইটি খড়গপুরের তরুণ পড়ুয়ার!

সেখ ওয়ারেশ আলী : আন্তর্জাতিক শিক্ষানবিশ কর্মসূচিতে অংশ নিতে জাপানে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল আইআইটি খড়গপুরের স্নাতকোত্তর পড়ুয়া শ্যাম সন্তোষ আগরওয়ালের। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আইআইটি খড়গপুর ক্যাম্পাসে।শ্যাম সন্তোষ আগরওয়াল আইআইটি খড়গপুরের স্থাপত্য ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগের স্থাপত্যে স্নাতকোত্তর পাঠক্রমের ছাত্র ছিলেন। তিনি প্রতিষ্ঠানের লাল বাহাদুর শাস্ত্রী আবাসিক হলের আবাসিক ছিলেন।প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের মে থেকে ডিসেম্বর পর্যন্ত জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষানবিশ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য নির্বাচিত হয়েছিলেন শ্যাম। সেই কর্মসূচির অংশ হিসেবেই তিনি বর্তমানে জাপানে ছিলেন।গত ৩০ আগস্ট জাপানের হিরোশিমা প্রদেশের কুরে শহরে এক মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হন তরুণ পড়ুয়া। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তাঁর মৃত্যু হয়।শ্যামের আকস্মিক মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ। একজন মেধাবী ও তরুণ পড়ুয়ার এভাবে অকালে চলে যাওয়ার ঘটনায় সহপাঠী, শিক্ষক-শিক্ষিকা এবং প্রতিষ্ঠানের সদস্যদের মধ্যে নেমে এসেছে শোকের আবহ।পরপর পড়ুয়ার মৃত্যুর ঘটনায় ফের আইআইটি খড়গপুর ক্যাম্পাসে তৈরি হয়েছে শোক ও উদ্বেগের পরিবেশ। তরুণ পড়ুয়ার অকালপ্রয়াণে শোকস্তব্ধ তাঁর পরিবার, সহপাঠী এবং শিক্ষা প্রতিষ্ঠান।