রক্তে জীবন, চুলে আত্মবিশ্বাস -মানবসেবার বার্তায় এগিয়ে এল যুবসমাজ!

নিজস্ব সংবাদদাতা : মানবসেবার অঙ্গীকারকে সামনে রেখে রবিবার (৫ জুলাই) মেদিনীপুরের রেডক্রস ভবনে মেদিনীপুর ছাত্র সমাজ সোশ্যাল ফেয়ার অর্গানাইজেশন-এর উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও চুল দান কর্মসূচি। সমাজের প্রতি দায়বদ্ধতা এবং মানবিকতার অনন্য বার্তা নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বহু স্বেচ্ছাসেবী। মেদিনীপুরে মানবতার নজির! ১১৮ ইউনিট রক্ত সংগ্রহ, ৪৪ জনের চুল দান ক্যান্সার রোগীদের জন্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণীসম্পদ উন্নয়ন ও মৎস্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রাজেশ মাহাত, পশ্চিম মেদিনীপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট মৃদুল শ্রীমানী, মেদিনীপুরের বিধায়ক ডা. শংকর কুমার গুছাইত, রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. স্বপ্না ঘোরাই, মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান, চন্দন বোস, কুমারেশ ঘোষ-সহ শিক্ষাবিদ, সমাজসেবী, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ মানবিক উদ্যোগ, যা একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে।

একইভাবে চুল দান ক্যান্সারে আক্রান্ত রোগীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দান করা চুল দিয়ে তৈরি উইগ বা পরচুলা কেমোথেরাপির ফলে চুল হারানো রোগীদের আত্মবিশ্বাস ফিরে পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অতিথিরা যুবসমাজের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, সমাজের কল্যাণে তরুণ প্রজন্মের এই ধরনের অংশগ্রহণ ভবিষ্যতের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।

তাঁরা আরও বলেন, মানবসেবার এই চেতনা সমাজে আরও বেশি ছড়িয়ে পড়লে অনেক অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও রক্তদান, স্বাস্থ্য সচেতনতা এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে থাকার এই উদ্যোগ অব্যাহত থাকবে।